Accident

কোচিং শিক্ষকের সঙ্গে বেলুরমঠ থেকে ফেরার পথে বিপত্তি, চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল দ্বাদশ শ্রেণির ছাত্রের

বেলুড়মঠ থেকে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পশ্চিম বর্ধমানের কাঁকসার ১৭ বছরের এক ছাত্রের। ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে জিআরপি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০৪:৪০

কোচিং শিক্ষকের সঙ্গে শিক্ষা সফরে গিয়ে ভয়াবহ পরিণতি। বেলুড়মঠ থেকে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম পরমব্রত মণ্ডল (১৭)। সে পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা। বুধবার কোচিং শিক্ষকের উদ্যোগে কয়েকজন পড়ুয়া বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়েছিল। সারাদিন সেখানে কাটিয়ে রাতে হাওড়া হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা বেলুড় স্টেশন থেকে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে ওঠে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনটি বর্ধমান স্টেশনের আগে গাঙ্গপুর বড়কা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছোতেই কোনও এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে বর্ধমান আরপিএফ ও জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে ওই ছাত্র চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, দুর্ঘটনার সময় সে ট্রেনের দরজার কাছে কেন ছিল, তার সঙ্গে আর কারা ছিল এবং গোটা ঘটনায় কোনও গাফিলতি ছিল কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোচিং শিক্ষক ও অন্যান্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।


Share