Accident

দিনহাটায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের

রবিবার সন্ধ্যায় একটি পাথর ভাঙার কারখানায় ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারে ঢালাই মেশিনের সংস্পর্শে আসার পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিনজন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, দিনহাটা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১১:০৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। রবিবার সন্ধ্যায় কোচবিহারের দিনহাটায় ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। এমনই আশ্বাস দিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনহাটা ভিলেজ–২ গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় শ্রমিকরা কাজ করতেন। রবিবারও প্রতিদিনের মতো কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর কয়েক জন শ্রমিক কারখানার ভেতর থেকে একটি ভারী ঢালাই মেশিন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় কারখানার ওপর দিয়ে থাকা ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে মেশিনের ঊর্ধ্বের অংশটি সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

মৃতরা হলেন— মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন বর্মন এবং সঞ্জয় বর্মন। তাঁরা সকলেই ওই কারখানার শ্রমিক ছিলেন।

 

এ ছাড়াও ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে রবিবার রাতেই কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং পুলিশ সুপার সন্দীপ কাররা রবিবার রাতেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারগুলির পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।


Share