Aadhaar Card Not Final Proof Of Age

আধার কার্ডে নয়, বয়সের প্রমাণে ময়নাতদন্তের রিপোর্টই বেশি গ্রহণযোগ্য! পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বয়সের চূড়ান্ত প্রমাণ নয় আধার কার্ড, প্রকৃত বয়স নির্ধারণে ময়নাতদন্তের রিপোর্টকেই বেশি গুরুত্ব মধ্যপ্রদেশ হাই কোর্টের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৬:৩৬

বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ডের চেয়ে ময়নাতদন্তের রিপোর্ট বেশি নির্ভরযোগ্য। একটি দুর্ঘটনায় মৃত কিশোরের পরিবারের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল মধ্যপ্রদেশ হাই কোর্ট। আদালতের মতে, আধার কার্ড মূলত পরিচয়পত্র। কোনও ব্যক্তির প্রকৃত বয়স নিশ্চিত করার ক্ষেত্রে এই নথিকে একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। বরং শারীরিক মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসকদের তৈরি ময়নাতদন্তের রিপোর্ট বয়স নির্ধারণে বেশি গ্রহণযোগ্য হতে পারে।

২০১৯ সালে মধ্যপ্রদেশে একটি মোটরগাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক কিশোরের। আধার কার্ড অনুযায়ী, মৃত্যুর সময় তার বয়স ছিল ১৪ বছর। এই ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল মোটর অ্যাক্সিডেন্টস ক্লেম ট্রাইবুনাল। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কিশোরের পরিবার। তাঁদের দাবি ছিল, ছেলের বয়সের নিরিখে আরও বেশি ক্ষতিপূরণ পাওয়ার কথা তাঁদের।

অন্য দিকে, পরিবারের দাবির বিরোধিতা করে বিমা সংস্থা। তাদের যুক্তি, আধার কার্ডে বয়স ১৪ বছর উল্লেখ থাকলেও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় কিশোরের বয়স ছিল ১৩ বছর। তাই ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি বিবেচনা করে বিচারপতি অমিত শেঠের পর্যবেক্ষণ, বয়স নির্ধারণের ক্ষেত্রে শারীরিক মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে এই মামলায় ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের উল্লেখ করা বয়স আধার কার্ডের তথ্যের তুলনায় বেশি নির্ভরযোগ্য। আধার কার্ড একক ভাবে কোনও ব্যক্তির বয়সের চূড়ান্ত প্রমাণ হতে পারে না বলেও জানায় আদালত। বিচারপতির মতে, মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকদের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

তবে বিমা সংস্থার যুক্তি মেনে নিলেও ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়েছে হাই কোর্ট। ট্রাইবুনালের নির্ধারিত ৫ লক্ষ ৪৫ হাজার টাকার পরিবর্তে মৃত কিশোরের পরিবারকে মোট ৮ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মূল ক্ষতিপূরণ ৭ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। পাশাপাশি বাবা ও মাকে ৪০ হাজার টাকা করে অতিরিক্ত ক্ষতিপূরণ, শেষকৃত্যের খরচ বাবদ ১৫ হাজার টাকা এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য আরও ১৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে পরিবারের দাবি আংশিক ভাবে মেনে নিয়েছে উচ্চ আদালত। slug


Share