Train Accident

অসমের পরে এ বার উত্তরপ্রদেশ, বেলাইন হল চৌরিচৌরা এক্সপ্রেসের চারটি কামরা, চলছে উদ্ধারকাজ

ডেপুটি পুলিশ সুপার সত্যজিৎ গুপ্ত জানান, “রেলের আধিকারিকেরা ঘটনাস্থল সম্পূর্ণ পরিদর্শন করবেন। তবে সৌভাগ্যবশত, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেনের সমস্ত যাত্রী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।”

লাইন থেকে নেমে গিয়েছে চাকা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৯:১৯

অসমের পরে এ বার উত্তরপ্রদেশ। আবার বেলাইন হল এক্সপ্রেস ট্রেন। কানপুর সেন্ট্রাল রেল স্টেশনে চৌরিচৌরা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছেছেন। উদ্বারকাজ শুরু হয়েছে।

বুধবার বিকেল ৫টা ২মিনিট নাগাদ চৌরীচৌরা এক্সপ্রেস (১৫০০৩) কানপুর সেন্ট্রাল স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। চৌরিচৌরা এক্সপ্রেস আনোয়ারগঞ্জ থেকে গোরক্ষপুর পর্যন্ত চলাচল করে। ৫টা ৭ মিনিট নাগাদ ছেড়ে যাওয়ার সময় বিপত্তি ঘটেছে বলে দাবি করা হয়েছে। সেই সময় চারটি এসি কামরা লাইন থেকে মাটিতে নেমে গিয়েছে। কী কারণে ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে ডিভিশনের রেলের উচ্চপদস্থ কর্তারা পৌঁছেছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি চারটি কামরা ট্র‍্যাকে তুলে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। 

কানপুর সেন্ট্রাল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটেছে। সেই সময় ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ট্রেনের গতি বেশি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। তাঁদের বিকল্প ট্রেনের ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রেল।

ডেপুটি পুলিশ সুপার সত্যজিৎ গুপ্ত জানান, “রেলের আধিকারিকেরা ঘটনাস্থল সম্পূর্ণ পরিদর্শন করবেন। তবে সৌভাগ্যবশত, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেনের সমস্ত যাত্রী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।”

উল্লেখ্য, বুধবার সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা-সৈরাং এক্সপ্রেস। অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে সকাল ৬টা ৫৪ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ওই ট্রেনের ছ’টি কামরা বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন। আর এই ঘটনার কয়েক ঘন্টার পর ফের দুর্ঘটনা হল উত্তরপ্রদেশে। কানপুর সেন্ট্রাল রেল স্টেশনেই লাইনচ্যুত হল গোরক্ষপুরগামী চৌরিচৌরা এক্সপ্রেসের চারটি ৪টি কামরা।


Share