Kali Puja

কালীপুজো মিটতেই ফের লালবাজারের বিশেষ অভিযান, বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার ১০৯, উদ্ধার ১৩ কেজি নিষিদ্ধ বাজি

১০ নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিশৃঙ্খল আচরণের অভিযোগে শহরে মোট ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ওই দিন কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১৩.১ কেজি নিষিদ্ধ বাজি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৭:২৮

কালীপুজো মিটলেও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারিতে কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। ১০ নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, বিশৃঙ্খল আচরণের অভিযোগে শহরে মোট ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ওই দিন কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১৩.১ কেজি নিষিদ্ধ বাজি। লালবাজার সূত্রে খবর, উৎসবের মরসুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে।

অন্য দিকে, পথ নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। ১০ নভেম্বর এক দিনেই মোট ৩৬৩টি মামলা দায়ের করা হয়েছে। হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে ১৬৮ জন চালক এবং বাইকের পিছনে হেলমেট ছাড়া বসে যাতায়াত করার জন্য ৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৩২টি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ২৮টি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় আরও ৮৮টি মামলা করেছে পুলিশ।

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও বিশেষ নজর রাখছে লালবাজার। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও ট্রাফিক পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, দুর্গাপুজোর পর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এ ধরনের বিশেষ অভিযান চালানো হয়। আগামী দিনেও এই নজরদারি ও ধরপাকড় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কালীপুজোর রাতে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে ২০৫ জন এবং অভব্য আচরণের অভিযোগে ৩৮৭ জন গ্রেফতার হন। সেই অভিযানে ২৩৮.৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি এবং ৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। কালীপুজোর রাতের পরেও শহরে আইনশৃঙ্খলা ও পথ নিরাপত্তা বজায় রাখতে পুলিশের এই ধারাবাহিক অভিযান চলছে।


Share