Prashanta Burman

পুলিশের খাতায় ফেরার! গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে, তবুও পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন না, নির্বিঘ্নে বাজার করছেন আসামী প্রশান্ত বর্মন

শিবমন্দির রেললাইন লাগোয়া মাছ বাজারে দরদাম করে তিনি মাছও কিনেছেন। প্রশান্তকে প্রকাশ্যে ঘুরতে দেখে অবাক হয়ে যান ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। সব জেনেও ইচ্ছে করেই প্রশান্তকে গ্রেফতার করা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে।

প্রশান্ত বর্মন।
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৬:১২

পুলিশের খাতায় ফেরার। সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁর জামিন বাতিল করেছে। গ্রেফতারির পরোয়ানাও জারি করা হয়েছে।   পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। অথচ পুলিশের নাকের ডগায় মঙ্গলবার সকালে মাটিগাড়ার শিবমন্দির বাজারে ঘুরতে দেখা গিয়েছে স্বর্ণ ব্যবসায়ী খুনের প্রধান অভিযুক্ত 'বিডিও' প্রশান্ত বর্মনকে। 

শিবমন্দির রেললাইন লাগোয়া মাছের বাজারে দরদাম করে তিনি মাছও কিনেছেন। প্রশান্তকে প্রকাশ্যে ঘুরতে দেখে অবাক হয়ে যান ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। সব জেনেও ইচ্ছে করেই প্রশান্তকে গ্রেফতার করা হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। নির্বিঘ্নে নির্বাচনের প্রয়োজনে সন্ধ্যা ৬টার পর বাইক নিয়ে চলাচলেও বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে প্রশান্তর মতন একজন প্রভাবশালী খুনের 

অভিযুক্তকে গ্রেফতার না করায় প্রশ্নের মুখে পড়েছেন কমিশনের কর্তারা। যদিও বিষয়টি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিকই মন্তব্য করতে চাননি।

মঙ্গলবার এক সঙ্গীকে নিয়ে সকাল সাড়ে আটটা নাগাদ শিবমন্দির বাজারে যান প্রশান্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবজি বাজার ঘুরে মাছের দোকানে গিয়ে দরদাম করে মাছ কেনেন। তারপর হেঁটে বাজার থেকে বেরিয়ে যান। শিবমন্দির বাজারের ব্যবসায়ীরা অবশ্য এই ঘটনায় বিস্মিত নন। এক ব্যবসায়ীর কথা, 'বিডিও তো মাঝেমধ্যেই বাজারে আসেন, বাজার করেন। এটা তো নতুন ঘটনা নয়।' যে মাছ ব্যবসায়ীর দোকানে এ দিন প্রশান্তকে দেখা গিয়েছে তিনি অবশ্য ওই বিষয়ে কিছু বলতে রাজি হননি। তাঁর কথা, 'কত খদ্দেরই তো আসেন, সবাইকে চিনি না।' 

বাজারে গিয়ে প্রশান্তকে দেখে অবাক হয়ে যান শিবমন্দিরের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক অধ্যাপক। তাঁর কথা, 'ওকে নিয়েই তো সবাই ফিশফাশ করছিল। এতকিছুর পরও কোন সাহসে ঘুরে বেড়াচ্ছে জানি না।' প্রশান্তর কীর্তিকলাপ প্রকাশ্যে আসায় ভয়ে তাঁকে সমীহ করে চলেন সকলেই। এক সবজি বিক্রেতার গলায় শোনা গেল সেই আতঙ্কেরই সুর, ‘শুনেছি একজনকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার ঘটনার আসামি ওই বিডিও। আমরা কিছু বললে আমাদেরও আবার তুলে নিয়ে যেতে পারে। ওসব বড় বড় লোকেদের ব্যাপারে নাক গলিয়ে লাভ নেই।’


Share