Murder Case

সুপারি গাছ নিয়ে বচসার ঝড়ল রক্ত, ধূপগুড়িতে পারিবারিক বিবাদে ছেলের হাতে প্রাণ হারালেন বাবা

অভিযোগ, বড় ছেলে রামনাথ মণ্ডলের মারধরের ফলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি; হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, ধূপগুড়ি
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৬

ধূপগুড়িতে সুপারি গাছের ভাগ নিয়ে পারিবারিক বিবাদের জেরে মৃত্যু। অভিযোগ, বড় ছেলের মারধরের ফলেই বৃদ্ধ বাবা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে ধূপগুড়ি মহকুমার শালবাড়ি–জুরাপানি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম সুকলাল মণ্ডল। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সুপারি গাছের ভাগ-বাটোয়ারা নিয়ে সুকলাল মণ্ডলের সঙ্গে তাঁর বড় ছেলে রামনাথ মণ্ডলের বচসা বাঁধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বচসার এক পর্যায়ে রামনাথ ও তাঁর স্ত্রী শিল্পী মণ্ডল সুকলালের উপর চড়াও হন। প্রথমে একটি বালতি দিয়ে আঘাত করা হয় বলে দাবি পরিবারের। পরে বৃদ্ধকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়।

মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুকলাল। তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে ছোট ছেলে সুশান্ত মণ্ডলও আহত হন। মৃতের স্ত্রী ও মেয়ে প্রমীলা মণ্ডলের অভিযোগ, রামনাথের মারধরের ফলেই সুকলালের মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হাসপাতলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে আটক করেছে।

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।


Share