Accident

ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ল বটগাছ, দোকানের ভিতরেই চাপা পড়ে মৃত্যু যুবকের

ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন দু’জনই দোকানের ভিতরে ঘুমোচ্ছিলেন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুজনকে মৃত ঘোষণা করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৯:০১

ঝড়ো হাওয়ার দাপটে উপড়ে পড়া একটি বটগাছ মুহূর্তে কেড়ে নিল এক তরুণের প্রাণ। বুধবার গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুজন দাস (২৩)। তাঁর বন্ধু কাজল দাস গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন সুজন। দাসপাড়া এলাকায় তাঁর একটি ছোট দোকান ছিল। মাঝেমধ্যেই তিনি সেখানে রাত কাটাতেন। বুধবার রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে দোকানেই ঘুমোচ্ছিলেন। গভীর রাতে আচমকাই প্রবল ঝোড়ো হাওয়ায় একটি বটগাছ উপড়ে গিয়ে সরাসরি দোকানের ওপর ভেঙে পড়ে। ফলে দোকানের ভিতরেই দু’জন চাপা পড়ে যান।

 চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। কোনওভাবে তাঁদের বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সুজন দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাজল দাসের চিকিৎসা চলছে। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share