High Court

বেলডাঙার পরিস্থিতিতে উদ্বেগ কলকাতা হাই কোর্টের, পুলিশ-প্রশাসনকে সর্বশক্তি দিয়ে শান্তি ফেরানোর নির্দেশ

মুর্শিদাবাদের বেলডাঙা-সহ বিভিন্ন এলাকায় অশান্তিতে উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ, মানুষের জীবন-জীবিকা রক্ষায় কঠোর পদক্ষেপের বার্তা আদালতের।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৪:৩৮

মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় একের পর এক গোলমাল ও অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশ সুপার ও জেলাশাসককে নির্দেশ দেয়, নতুন করে যেন কোথাও কোনও অশান্তি না ছড়ায়, তা সর্বশক্তি দিয়ে নিশ্চিত করতে হবে।
প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ দিন বেলডাঙা সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, বেলডাঙা যাতে আর বিপজ্জনক হয়ে না ওঠে, সে কারণেই কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। একটি জেলায় যদি ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তা হলে পরিকল্পনা করে সাধারণ মানুষের জীবন, জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আদালত আরও জানায়, যদি বিএসএফকে যথাযথভাবে ব্যবহার না করা হয়, সে ক্ষেত্রে হলফনামা জমা দেওয়ার পর বিষয়টি বিচারাধীন হবে। তবে আপাতত আদালতের মূল উদ্বেগ সেখানকার মানুষের জীবন-জীবিকা নিয়ে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় চরম অশান্তি ছড়ায়। পরের দিন, ১৭ জানুয়ারিতেও ফের গোলমালের ঘটনা ঘটে। এই পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার, ১৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়। একটি মামলা করে বিজেপি, অন্যটি করেন স্থানীয় বাসিন্দারা।
মামলাকারীদের বক্তব্য ছিল, সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এ বারও একই রকম ব্যবস্থা নেওয়া হোক। এ দিন আদালত মৌখিকভাবে জানায়, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো যেতে পারে এবং সে ক্ষেত্রে সামশেরগঞ্জে ইতিমধ্যে মোতায়েন থাকা বাহিনীকেও ব্যবহার করা যেতে পারে।

এ দিকে বিজেপির তরফে ঘটনার এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। কেন্দ্র ও রাজ্য সরকারকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি, যেখানে প্রয়োজন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও কেন্দ্রকে জানানো হয়েছে।


Share