Fire At Kolkata

আনন্দপুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাত ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি, নিখোঁজ তিন জন

গুদামের ‍যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। সাত ঘন্টা পেরিয়ে গেলেও আগুনের দাপট এখনও কমেনি। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আপ্রাণ চেষ্টা করছে দমকল কর্মীরা।

আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:২০

আনন্দপুরের গুদামে বিধ্বংসী আগুন। রাত ৩টে নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে। ভিতরে তিনজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজ এখনও মেলেনি। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন কাজ করছে।

আনন্দপুরের নাজিয়াবাদের ওই গুদামে শুকনো, প‍্যাকেটজাত খাবার মজুত ছিল। মজুত করা ছিল ঠান্ডা পানীয়ের বোতল। কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। মধ‍্যরাতে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, রাতে কয়েক জন গুদামে ডিউটি করছিলেন। তাঁদের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁদের পরিবারের আশঙ্কা, তাঁরা ভিতরেই আটকে পড়েছেন।

দমকলের কর্মীদের কথায়, ভোর ৩টে নাগাদ তাঁদের কাছে খবর আসে। কিছু ক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন। রাতে গুদামে কর্মরত কর্মীদের বিষয়ে কিছু জানাতে পারেননি তাঁরা। নিখোঁজের এক আত্মীয়ের কথায়, “আমার জামাই গুদামে ছিল। রাত ৩টি সময় ফোন করে বলছে, আমাদের বাঁচাও। আমরা তখনই এখানে এসেছিল। কিন্তু আমরা খুঁজে পাইনি। এখনও আগুন জ্বলছে। দমকল কর্মীরা বলছে, আগুন না নিভলে আমরা কিছুই বলতে পারব না।”

গুদামের আরেক কর্মীর বলেন, “আমাদের তিন জন ভিতরে আটকে পড়েছেন। তাঁদের খোঁজ এখনও পাইনি। শেষ বার যখন ওদের সঙ্গে কথা হয়েছিল, বলেছিল, দেওয়াল ভেঙে বেরোনোর চেষ্টা করছি। তার পর থেকে আর যোগাযোগ করা যায়নি।”

গুদামের ‍যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। সাত ঘন্টা পেরিয়ে গেলেও আগুনের দাপট এখনও কমেনি। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আপ্রাণ চেষ্টা করছে দমকল কর্মীরা।


Share