Book Fair Fire Incident

বইমেলায় এসএফআই-এর বুকস্টলে আগুন, ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল

যদিও আগুন ধরার কিছু ক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসএফআই নেতৃত্বের দাবি, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই তাঁদের দুই কর্মী অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে ওই আগুন নেবাতে সক্ষম হন। তার এক ঘণ্টা পরে ফের আলো জ্বলে স্টলে।

বইমেলায় অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

রবিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় আগুন লাগল। সেখানে এসএফআই-এর বইয়ের স্টলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে স্টলের ভিতরের আলো নিভে যায়। বুঝে ওঠার আগেই উপর থেকে আগুনের ফুলকিও দেখা গিয়েছে বলে দাবি করেছেন এসএফআই কর্মীরা। বইমেলা প্রাঙ্গণে হইচই পড়ে যায়।

জানা গিয়েছে, কলকাতা বইমেলার ৯ নম্বর গেটের কাছে একটি স্টল থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। এ বছরের বইমেলায় এটিই ছিল শেষ রবিবার। ফলে ভিড়ও ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে সন্ধ্যা ৬টা ১০ নাগাদ এসএফআইয়ের স্টলের মধ্যে আগুন লেগে যায়। স্টলের আলো নিভিয়ে স্টলে উপস্থিত এসএফআই-এর কর্মীরা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডে খবর দেওয়ার জন্য লোক পাঠান। কিন্তু এরই মধ্যে স্টলের উপরের অংশ থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। 

সঙ্গে সঙ্গে আশপাশের কিছু স্টলেও আলো নিভে যায়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই সেই স্টলগুলিতে আলো নিভে গিয়েছিল। তবে কিছু ক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কী কারণে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের কর্মীরা পৌঁছোন। তাঁদের প্রচেষ্টায় আগুন কিছু ক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এসএফআই নেতৃত্বের দাবি, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই তাঁদের দুই কর্মী অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পরে ফের আলো জ্বলে স্টলে।

এসএফআই-এর পত্রিকা সম্পাদক শৌভিক দাস বক্সী বলেন, “অল্প সময়ের মধ্যেই আমরা আগুন নিভিয়ে ফেলতে পেরেছি। স্টলে সেই সময় প্রচুর ভিড় ছিল। আমাদের বেশ কিছু বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সাজসজ্জা নষ্ট হয়ে গিয়েছে।” যদিও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ওই স্টলেই বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এসএফআই নেতৃত্ব।


Share