Fire Arms

পাঁচবার জেল খেটেও সংশোধন নয়, খিদিরপুরে সন্দেহভাজন স্কুটিচালকের ডিকি খুলতেই মিলল আগ্নেয়াস্ত্র

খিদিরপুরে গভীর রাতে স্কুটি তল্লাশিতে সাফল্য পুলিশের। ডিকি থেকে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ। পাঁচবার গ্রেফতার হওয়া যুবক ফের অস্ত্র-সমেত ধৃত, চাঞ্চল্য পূর্ব কলকাতায়।

কামরান খান
নিজস্ব সংবাদদাতা, খিদিরপুর
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৩:৪৭

রাতের শহরে স্কুটি নিয়ে সন্দেহভাজন আচরণ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। এ হেন অবস্থায় দেখে স্কুটি থামায় পুলিশেরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্কুটারের ডিকিও খুলে দেখা হয়। সেখানেই দেখা যায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন ওই যুবক। মঙ্গলবার রাতে পূর্ব কলকাতার খিদিরপুরে ঘটনাটি ঘটেছে। যুবককে হেস্টিংস থানার পুলিশ গ্রেফতার করেছে। এর আগেও এই যুবককে পাঁচবার গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম মহম্মদ কামরান খান(২৬)। ওই যুবক একবালপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে এজেসি বোস রোড খিদিরপুর উড়ালপুলের নীচে স্কুটার নিয়ে ঘুরছিলেন তিনি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে থামায় পুলিশ। এরপর তল্লাশি করা হয়। আর তাতেই যুবকের স্কুটারের ডিকি থেকে বেরোয় একটি দেশি পিস্তল। দেশি পিস্তলের পাশাপাশি কার্তুজও ছিল স্কুটির ডিকিতে। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে তাঁর কাছে ওই অস্ত্র এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগেও প্রায় পাঁচবার ধৃত কামরান খান জেলবন্দি ছিল। কিন্তু তারপর ছাড়া পেয়েও ফের এই কাজে লিপ্ত হয়েছেন তিনি।

চলতি মাসেই বেশ কয়েকটি বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল খিদিরপুরে। বর্ষবরণের রাতে অরফানগঞ্জ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, ধৃত রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিচিত। রাকেশের নির্দেশেই ওই অস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। একই দিনে স্ট্র্যান্ড রোড থেকেও দু’টি ব্যাগ বোঝাই অস্ত্র উদ্ধার করে এসটিএফ। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার হল কলকাতায়।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই শহর যাতে শহর একেবারে শান্ত থাকে, আইনশৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য ও কলকাতা পুলিশ। শহরের পরিস্থিতি ঠিকঠাক রাখতে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছে লালবাজার। এই বিশেষ নিরাপত্তার মধ্যে অন্যতম হিসেবে শহরের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং বা নাকা তল্লাশি অভিযান। সেই অভিযানেই ফের মিলল সাফল্য। খিদিরপুর এলাকায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


Share