e-kyc

রান্নার গ্যাসে বড় স্বস্তি! ই-কেওয়াইসির সময়সীমা বাড়ল আরও সাত দিন, ২৩ অগস্ট পর্যন্ত সুযোগ

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ, ১৫ অগস্ট এবং আগামীকাল রবিবার রাজ্যের বহু গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার তাঁদের বিক্রয়কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৫:২৭

রান্নার গ্যাসের গ্রাহকদের স্বস্তি দিয়ে ই-কেওয়াইসি জমা দেওয়ার সময়সীমা আরও সাত দিন বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। এত দিন ১৬ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি জমা দেওয়ার সময়সীমা ছিল। কিন্তু বিপুল সংখ্যক গ্রাহক এখনও প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারায় তা বাড়িয়ে ২৩ অগস্ট করা হয়েছে বলে সূত্রের খবর। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ, ১৫ অগস্ট এবং আগামীকাল রবিবার রাজ্যের বহু গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার তাঁদের বিক্রয়কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেন, ‘অনেক গ্রাহকেরই এখনও ই-কেওয়াইসি করানো বাকি রয়েছে। ইন্ডেন গ্যাসেরই অন্তত ২০ লক্ষ গ্রাহক এখনও তা করাননি। বাকি সংস্থাগুলোর হিসেব এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সংখ্যাটা কাছাকাছিই হবে। এই কারণে আজও স্বাধীনতা দিবসেও ই-কেওয়াইসির কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সার্ভারের সমস্যা দেখা দিয়েছে। এতে গ্রাহকের তো বটেই, আমাদেরও সমস্যা হচ্ছে।’

তবে গ্রাহকেরা চাইলে বাড়িতে বসেই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। নিজেদের সুবিধামতো ইন্ডিয়ান অয়েলের ‘ইন্ডিয়াওয়েল ওয়ান’, ভারত পেট্রোলিয়ামের ‘হ্যালো বিপিসিএল’ অথবা এইচপির ‘এইচপি পে’ অ্যাপ ডাউনলোড করে ফেস রিকগনিশন মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে। পাশাপাশি, স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও আঙুলের ছাপ, ফেস রিকগনিশন বা রেটিনা স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি করা সম্ভব।

তেল সংস্থা ও ডিস্ট্রিবিউটরদের দাবি, রান্নার গ্যাসের সংযোগের সঙ্গে আধার না জুড়লে গ্রাহক ভর্তুকি থেকে বঞ্চিত হবেন। কলকাতায় বর্তমানে ভর্তুকির পরিমাণ সিলিন্ডারপিছু ১৯.৫৭ টাকা। পাশাপাশি, ই-কেওয়াইসি না করালে সাধারণ গ্রাহকদের বেশি দামে সিলিন্ডার কিনতে হবে।

প্রসঙ্গত, গত মার্চে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ই-কেওয়াইসি না করা গ্রাহকদের রান্নার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বার সরাসরি সরবরাহ বন্ধের কথা বলা না হলেও, দাম বাড়িয়ে গ্রাহকদের আধার সংযোগ ও ই-কেওয়াইসি করাতে চাপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, পরবর্তী সময়ে ই-কেওয়াইসি না থাকার কারণ দেখিয়ে ফের গ্যাস সরবরাহ বন্ধ করা হতে পারে। ইন্ডেন ডিলার সংগঠনের দাবি, গত তিন-চার বছর ধরেই তেল সংস্থাগুলি ই-কেওয়াইসি করার উপর জোর দিয়ে আসছে। একাধিক বার সময়সীমা বাড়ানো হলেও, অতীতে এত কড়া নির্দেশিকা জারি করা হয়নি।


Share