Ayushman Bharat

১৬ অগস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত, ৩.৩৯ কোটি মানুষ পাবেন পাঁচ লক্ষের ক্যাশলেস কভার, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কী কী চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে, সে বিষয়েও স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, যোগ্য উপভোক্তাদের সরকারি এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে কোনও কারণে আয়ুষ্মান ভারতের আওতায় না এলে বিকল্প স্বাস্থ্যবিমা প্রকল্পের মাধ্যমে চিকিৎসার সুযোগ মিলবে।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১০:২৩

আগামী ১৬ অগস্ট, রবিবার রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। একই দিনে উদ্বোধন হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও। শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের কোন কোন মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাশাপাশি, কোনও কারণে কেউ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলে তাঁকে আতঙ্কিত না হওয়ারও তিনি বার্তা দিয়েছেন। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে থাকছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কী কী চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে, সে বিষয়েও স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, যোগ্য উপভোক্তাদের সরকারি এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে কোনও কারণে আয়ুষ্মান ভারতের আওতায় না এলে বিকল্প স্বাস্থ্যবিমা প্রকল্পের মাধ্যমে চিকিৎসার সুযোগ মিলবে।

শারদ্বত জানান, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা উপস্থিত থাকতে পারছেন না। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘‘এত দিন পশ্চিমবঙ্গের বাঙালিরা আয়ুষ্মান ভারতে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আর নয়।’’ ১৬ অগস্টকে ‘আয়ুষ্মান দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন শারদ্বত।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিন কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে নিয়ে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের যাত্রা শুরু হচ্ছে। এই সংখ্যক মানুষকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। শুধু রাজ্যেই নয়, উপভোক্তারা দেশজুড়ে এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ, রাজ্যের বাইরে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লেও দেশের যে কোনও হাসপাতাল থেকে আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রীর জানান, সব সময় আয়ুষ্মান ভারত কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। পুরো ব্যবস্থাটিই 'ডিজিটালাইজ্‌ড'। আয়ুষ্মান ভারতের পোর্টালে উপভোক্তাদের যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকবে। তাঁর দাবি, দেশজুড়ে প্রায় ১৪ হাজার হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এ রাজ্যে আয়ুষ্মান ভারতের আওতায় থাকছে মোট এক হাজার ৯৩০টি হাসপাতাল। এর মধ্যে এক হাজার ৩০৩টি বেসরকারি হাসপাতাল।

আয়ুষ্মান ভারত চালু হলেও সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না। আরও অন্তত দু’-তিন মাস এই প্রকল্পের সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, দু’মাস পর আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। উপভোক্তাদের কোনও সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। কোনও সমস্যা না থাকলে ধাপে ধাপে রাজ্য স্বাস্থ্যসাথী প্রত্যাহারের পথে হাঁটবে।

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ অতীতে একাধিক বার উঠেছে। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল, বেড না থাকার কথা বলে রোগীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, ‘‘বেড নেই বলে কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না। কেউ ফিরিয়ে দেখাক!’’ পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ পড়ার আশঙ্কায় উপভোক্তাদের আতঙ্কিত না হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পের আওতায় হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে থেকেই সুবিধা পাওয়া যাবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আরও ১৫ দিন পর্যন্ত আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে। চিকিৎসা চলাকালীন প্রয়োজনীয় কোনও জিনিস হাসপাতালের বাইরে থেকে রোগীর পরিবারকে কিনে দিতে হবে না বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ, চিকিৎসার জন্য পরিবারকে অতিরিক্ত খরচ করতে হবে না। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রতি বছর উপভোক্তারা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ‘ক্যাশলেস কভারেজ’ পাবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা পড়বেন না, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৮০ লক্ষ পরিবার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, তা জানানো হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থের হিসাব করে অনুমোদনের জন্য তা নবান্নে পাঠানো হয়েছে। মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, প্রকল্পটি চালাতে যত অর্থের প্রয়োজন হবে, সেই পরিমাণ অর্থই মঞ্জুর করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা মিললেও প্রত্যেক সদস্যের জন্য আলাদা কার্ড থাকবে। অর্থাৎ, পরিবারের সদস্যসংখ্যার কোনও নির্দিষ্ট সীমা থাকছে না। তবে আয়ুষ্মান ভারত কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শারদ্বতের কথায়, ‘‘এ দেশের নাগরিক, কিন্তু বিয়ে করেছেন অন্য দেশের নাগরিককে, সে ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। কারণ আয়ুষ্মান ভারতে ভারতীয় নাগরিক হ‌ওয়া বাধ্যতামূলক।’’ তিনি জানান, আয়ুষ্মান ভারত কার্ডে আভা আইডি দেওয়া আছে। সেখান থেকেই রোগীর যাবতীয় মেডিকেল ইতিহাস পাওয়া যাবে।


Share