Electricity

সরকারি আবাসন দখল করে বসবাসের অভিযোগ, ৩৫টি কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিসিকেভি কর্তৃপক্ষ

অভিযোগ, ওই আবাসনগুলিতে বসবাসকারীদের কেউই বিশ্ববিদ্যালয়ের কর্মী নন। শুক্রবার ভেটেরিনারি কোয়ার্টারে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছে বিসিকেভি কর্তৃপক্ষ।

৩৫টি কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৬:২১

নদিয়ার কল্যাণীতে সরকারি আবাসন দখল করে বসবাসের অভিযোগে ৩৫টি কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি) কর্তৃপক্ষ। শুক্রবার কল্যাণীর ভেটেরিনারি কোয়ার্টারে এই পদক্ষেপ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিসিকেভির কর্মীরা নির্দিষ্ট নিয়ম মেনে ওই কোয়ার্টারগুলিতে ভাড়ায় বসবাস করেন। তবে অভিযোগ, প্রায় ৩৫টি আবাসনে এমন ব্যক্তিরা বসবাস করছিলেন, যাঁদের কেউই বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী নন। বিশ্ববিদ্যালয়ের জমিতে থাকা সরকারি আবাসন তাঁরা বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন বলে কর্তৃপক্ষের অভিযোগ।

এই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ওই ৩৫টি কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিসিকেভি কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের জমিতে থাকা সরকারি আবাসন যাঁরা নিয়মবহির্ভূত ভাবে দখল করে বসবাস করছিলেন, তাঁদের বিরুদ্ধেই এই পদক্ষেপ করা হয়েছে।

সরকারি আবাসনগুলি যাতে নিয়মবহির্ভূত ভাবে ব্যবহার না হয়, সেই কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।


Share