Stone Syndicate

১২ ঘন্টা পার, ডিসিআর জালিয়াতি মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সায়গলের ফ্ল্যাটে এখনও চলছে তল্লাশি, বাজেয়াপ্ত বিপুল জমির নথি

গতকাল ডিসিআর জালিয়াতি মামলায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক কেরানি প্রবীর মন্ডলকে গ্রেফতার করেছিল। টুলুর পাথর ব‍্যবসার ডায়েরি খতিয়ে দেখেই এই কেরানির নাম উঠে আসে।

সায়গলের বাড়িতে এখনও চলছে তল্লাশি।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১১:৩৭

১২ ঘন্টা পার। ডিসিআর জালিয়াতি মামলায় বোলপুরে অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রের খবর, তাঁর ফ্ল্যাট থেকে জমি সংক্রান্ত বিপুল পরিমাণ জমির নথি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, ওই আবাসনের আরেকটি ফ্ল্যাটে পাথর মাফিয়া টুলু মন্ডলের শ‍্যালক মিন্টুর বাড়িতেও এখনও পুলিশ রয়েছে।

সারা রাজ‍্য যখন ৮০ তম স্বাধীনতা দিবস পালন করছে, সেই দিন সকাল সাড়ে ৯টা নাগাদ চারটি দলে ভাগ হয়ে পুলিশ তল্লাশি অভিযানে নামে। পাথর ব‍্যবসায়ে ডিসিআর জালিয়াতি মামলায় বোলপুরের সায়গল হোসেনের বাড়িতে যায়। সায়গল হোসেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী ছিলেন। গরু পাচার মামলায় তাঁকে ইডি গ্রেফতার করেছিল। দু’বছর পরে সে জামিনে মুক্ত রয়েছে। সেখানকারই আরেকটি ফ্ল্যাটে পাথর মাফিয়া টুলু মন্ডলের শ‍্যালক মিন্টু শেখের বাড়িতে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়গলের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সম্পত্তি এবং জমির দলিল মিলেছে। একটি সূত্র দাবি করছে, বীরভূম, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদের একাধিক জমির কাগজপত্র মিলেছে। অবৈধ ভাবে পাথর ব‍্যবসার টাকা দিয়ে এই জমি কেনা হয়েছে বলে মনে করছে পুলিশ। ডিসিআর জালিয়াতিতে সাহসের কী ভূমিকা রয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে সেই সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়াও, বেশ কিছু নগদ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল ডিসিআর জালিয়াতি মামলায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক কেরানি প্রবীর মন্ডলকে গ্রেফতার করেছিল। টুলুর পাথর ব‍্যবসার ডায়েরি খতিয়ে দেখেই এই কেরানির নাম উঠে আসে। প্রবীরকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই টুলুর সঙ্গে সায়গলের সম্পর্ক সামনে আসে। টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।


Share