Congress Leader Murder Case

নদিয়ায় ‘দুষ্কৃতীরাজ’, প্রদেশ কংগ্রেসের নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন, চলল গুলিও, ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য

ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ বিজেপিকে নিশানা করে চট্টোপাধ্যায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস করার জন্যই আনিসুর ও তাঁর ছেলেকে খুন হতে হল। বিজেপি বলেছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। দেখুন কী হয়েছে।”

নদিয়ায় প্রদেশ কংগ্রেসের নেতা ও তাঁর ছেলেকে খুন।
নিজস্ব সংবাদদাতা, নাকাশিপাড়া
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১২:০২

নদিয়ায় দুষ্কৃতীরাজ! প্রদেশ কংগ্রেসের নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। স্বাধীনতা দিবসে রাতে তিনি মোটরবাইকে চেপে ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর ওপরে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি বলেই জানা গিয়েছে।

মৃতের নাম আনিসুর রহমান এবং আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান প্রদেশ কংগ্রেসের নেতা ছিলেন। সেই সঙ্গে নদিয়ার জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। তার আগে তিনি নাকাশিপাড়া ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান আইনের ছাত্র ছিলেন। কল‍্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বেথুয়াডহরি থেকে আনিসুর এবং তাঁর ছেলে আবু সুফিয়ান মোটরবাইকে চেপে বাড়ির থেকে ফিরছিলেন। বাড়ির দিকে যাওয়ার পথে নাগাদি রেলগেটের কাছে কয়েক জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। প্রথমে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। তৎক্ষণাৎ তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। এর পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

কংগ্রেস নেতা আনিসুর রহমান নদিয়া জেলার যথেষ্ঠ পরিচিত মুখ। দীর্ঘদিন ধরেই তিনি কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। এলাকায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা ছিল। যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে কংগ্রেসের যথেষ্ট প্রভাব রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশেপাশে এলাকা স্পর্শকাতর বলেই জানা গিয়েছে। তবে ঠিক কত জন দুষ্কৃতী সেখানে ছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রত‍্যক্ষদর্শীদের সঙ্গে পুলিশ কথা বলছে।

এই ঘটনার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস করার জন্যই আনিসুর ও তাঁর ছেলেকে খুন হতে হল। বিজেপি বলেছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। দেখুন কী হয়েছে।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন, “ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে পুলিশ তাঁদের গ্রেফতার করুক। তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সভাপতি শুভঙ্কর সরকার বিষয়টির ওপরে নজর রেখেছেন।”

এই মুহূর্তে বেথুয়াডহরি হাসপাতালে কংগ্রেস কর্মীরা ভিড় করছেন। আনিসুরের পরিবারের সদস্যরা সেখানে পৌঁছেছেন। সেখানে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, জেলবন্দি তৃণমূল নেতা জোব্বার শেখের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। টিপু সুলতান নামে এক স্থানীয় কংগ্রেস নেতা বলেন, “এলাকার দখল নিতে চাইছে জোব্বার শেখ। তাই দুষ্কৃতীদের দিয়ে এই হামলাকে সংঘটিত করেছে। সঠিক তদন্ত হলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ঘটনা নিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের এক কর্তা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয়।”


Share