Vijay Thalapathy

‘দুর্নীতি নির্মূলই প্রকৃত স্বাধীনতা’, রাজ্যের অধিকার রক্ষার বার্তা বিজয়ের, চক্রান্তকারীদেরও কড়া হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে প্রথম বক্তৃতায় শনিবার তিনি বলেন, ‘‘ সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। আমাদের সরকারের বিরুদ্ধে সক্রিয় শক্তিগুলি পরাস্ত হবে।’’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান টি জোশেফ বিজয়।
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৩:৪১

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান টি জোশেফ বিজয়ের অভিযোগ, তাঁর সরকারকে ফেলে দিতে চক্রান্ত করছে একটি শক্তি। মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে প্রথম বক্তৃতায় শনিবার তিনি বলেন, ‘‘ সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। আমাদের সরকারের বিরুদ্ধে সক্রিয় শক্তিগুলি পরাস্ত হবে।’’

চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের প্রথম ভাষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী টি জোশেফ বিজয় বলেন, দুর্নীতি নির্মূল করাকেই তাঁর সরকার স্বাধীনতার প্রকৃত অর্থ হিসেবে দেখছে। তাঁর কথায়, ‘‘আমাদের কাছে দুর্নীতি নির্মূল করাই স্বাধীনতার সমতুল্য। আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।’’ কংগ্রেসের জোটসঙ্গী বিজয় এ দিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রশাসনিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। তবে রাজ্যের অধিকারের পরিপন্থী কোনও নীতির বিরোধিতা করার কথাও স্পষ্ট করে জানান তিনি। বিজয় বলেন, ‘‘তবে রাজ্যের অধিকারের বিরুদ্ধে যায় এমন নীতির বিরোধিতা করব আমরা। জনস্বার্থের প্রশ্নে কোনও আপস করা হবে না।’’ স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী ও সেনা সদস্যদের জন্য মাসিক বৃত্তি দেওয়ার ঘোষণাও করেন। পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, প্রয়াত এডিএমকে নেত্রী জয়ললিতার আমলে চালু হওয়া স্বল্পমূল্যের সরকারি খাবারের ব্যবস্থা ‘আম্মা ক্যান্টিন’ নতুন করে চালু করা হবে।

জুলাইয়ে বিজয়ের সরকারের পতন ঘটাতে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগে তামিলনাড়ু পুলিশ একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার এক আধিকারিক-সহ চার জনকে গ্রেফতার করে। সেই সময় বিজয়ের দল টিভিকে-র তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী সেন্তিল বালাজির দিকে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর গত ১০ মে কংগ্রেস এবং কয়েকটি ছোট দলের বিধায়কদের সমর্থনে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। বিজয়ের সঙ্গে কংগ্রেস হাত মেলানোয় ডিএমকে প্রধান স্ট্যালিন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছাড়ার কথা ঘোষণা করেন। এরই মধ্যে তামিল রাজনীতিতে জোর জল্পনা, প্রায় আড়াই দশক পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরতে পারে ডিএমকে।


Share