Mysterious Death

স্কটিশ চার্চ কলেজ হস্টেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রীর দেহ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তবে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে মৃতের পাকস্থলীতে বিষাক্ত পদার্থের উপস্থিতির ইঙ্গিত মিলেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০

স্কটিশ চার্চ কলেজের হস্টেলে এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। সে ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। ত্রিপুরার বাসিন্দা ঋষিতা দিন সাতেক আগে কলেজের হোস্টেলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ঋষিতার পরিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। তাই তার মা মেয়ের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন। বারবার ফোন করেও সাড়া না মেলায় তিনি ঋষিতার রুমমেটের সঙ্গে যোগাযোগ করেন। এরপর হস্টেলে খোঁজখবর শুরু হয়। খোঁজাখুঁজির পর চারতলার সিক রুমে ঋষিতাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।

হস্টেলের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলে ফেরেন ঋষিতা। তখন থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন বলে রুমমেটকে জানিয়েছিলেন। এরপর তিনি সিক রুমে চলে যান। তারপর থেকে তাঁকে আর বাইরে বেরোতে দেখা যায়নি। পরদিন সেখান থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।

বড়তলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ছাত্রীর পাকস্থলীতে বিষাক্ত পদার্থের উপস্থিতি মিলেছে। যদিও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক।


Share