Accident

মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় বিপত্তি, নিজের পেটে ছুরি মেরে আত্মঘাতী যুবক

অভিযোগ, ওঝার কাছ থেকে বেরিয়ে পাশের একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেন তিনি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৪:১৪

বুধবার সকালে বীরভূমের পাইকর থানার জাজিগ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অজেস কোড়া (৩০)। বাড়ি মুরারই থানার আম্ভুয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে তাঁর মামা লাল কোড়ার মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে উঠতে না পেরে অজেস ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়েন। অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।

পরিজনদের দাবি, তাঁর আচরণকে পরিবারের লোকেরা ‘ভৌতিক’ বলে মনে করেন। তাঁকে এ দিন সকালে বেঁধে জাজিগ্রামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ঝাড়ফুঁকের মাঝেই শৌচাগারে যাওয়ার অজুহাতে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর পাশের একটি মুরগির মাংসের দোকানে ঢুকে পড়েন। সেখানে থাকা একটি ধারালো ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত পাইকর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় মৃতের স্ত্রী তাপসী কোড়া জানান, স্বামীকে সুস্থ করার আশায় তাঁরা ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেই এমন ঘটনা ঘটে যাবে তা ভাবতেও পারেননি। পরিবারের ওপর একের পর এক আঘাত নেমে এসেছে। মাত্র সাত দিনের ব্যবধানে তাঁদের দু’জন প্রিয়জনকে হারাতে হয়েছে।

এই প্রসঙ্গে রামপুরহাট মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপন নায়েক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই যুবক কোনও মানসিক সমস্যায়, যেমন সাইকোসিস বা সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এ ধরনের ক্ষেত্রে রোগীর মনে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে, যার প্রভাবে এমন চরম সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি জানান, মানসিক রোগের লক্ষণ দেখা দিলেই দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে তাঁরা জানিয়েছে।


Share