Road Accident

দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা, ফলের দোকানে গাড়ি ঢুকে মৃত্যু এক জনের

ঘটনায় একটি শিশু-সহ তিনজন আহত হন। গাড়ির চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:১৭

দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আচমকাই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে কয়েকজন ক্রেতা ফল কিনতে দাঁড়িয়ে ছিলেন। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন ৫৫ বছর বয়সের এক ব্যক্তি।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শিশু-সহ একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। 

দুর্ঘটনায় জড়িত গাড়ি এবং চালককে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ আটক করেছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share