Accident

বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, মুহূর্তে বাড়ির দেওয়াল-মেঝেতে ফাটল! আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা

স্থানীয়দের দাবি, ইসিএল কখনও এলাকাটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেনি বা অন্যত্র সরে যাওয়ার জন্য কোনও নোটিসও দেয়নি।

তীব্র শব্দে বাড়িতে ফাটল
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০২:১১

পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখড়া নীলকণ্ঠ ধোবাপাড়ায় মঙ্গলবার দুপুরে আচমকাই ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ বিকট শব্দের পর একের পর এক বাড়ির দেওয়াল ও মেঝেতে চওড়া ফাটল দেখা দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ৭০টি বাড়ি এই ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা প্রাণ বাঁচাতে যে যেমন অবস্থায় ছিলেন, সেভাবেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। খবর পেয়ে অন্ডাল থানা এবং উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। বিপজ্জনক অংশে সতর্কতামূলক ফিতে লাগানো হয়।

স্থানীয়দের দাবি, দুপুরের স্বাভাবিক কাজকর্ম চলাকালীন আচমকাই বিকট আওয়াজ শোনা যায়। কেউ তখন খাওয়া-দাওয়া করছিলেন। কেউ স্নানে ব্যস্ত ছিলেন। আবার কেউ বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়েই বাড়িগুলিতে ফাটল ধরতে শুরু করে। স্থানীয় বাসিন্দা কাকুলি বাগদি বলেন, “খেতে বসেছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে দেখি ঘরের মেঝে ও দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়াল কাঁপছিল। মনে হচ্ছিল, যে কোনও মুহূর্তে বাড়িটা ভেঙে পড়বে। তাই দৌড়ে বাইরে বেরিয়ে আসি।”

জানা গিয়েছে, ধসের ঘটনাস্থলটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর আওতাধীন এলাকা। অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বসবাস করছিলেন বাসিন্দারা। তবে স্থানীয়দের দাবি, ইসিএল কখনও এলাকাটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেনি বা অন্যত্র সরে যাওয়ার জন্য কোনও নোটিসও দেয়নি।


Share