Drowning

নানুরে দিঘি থেকে উদ্ধার পাঁচ বছরের শিশুর দেহ, শুক্রবার থেকে নিখোঁজ ছিল ইসলাম

মামারবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের দিঘিতে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়েছিল সে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০২:৪২

বীরভূমের নানুরের নতুনগ্রামে দিঘির জল থেকে এক শিশুর দেহ উদ্ধার হয়েছে। মৃত শিশুটির নাম ইসলাম মিঞা (৫)। শনিবার সকালে গ্রামের একটি দিঘির কোণে তার দেহ ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকেই ইসলাম নিখোঁজ ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ইসলাম শান্তিনিকেতন থানার মোলডাঙা এলাকার বাসিন্দা। সম্প্রতি সে তার বাবা-মায়ের সঙ্গে নানুরের নতুনগ্রামে মামারবাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে সে বাড়ির পাশের দিঘিতে স্নান করতে যায়। তারপর থেকেই তার আর খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে উদ্ধার করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ডুবুরি নিয়ে তল্লাশি শুরু করে। তবে অন্ধকার নেমে আসায় সেই সময় অনুসন্ধান কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পরের দিন সকালে দিঘির এক কোণে শিশুটির দেহ ভেসে ওঠে। তখনই তাকে উদ্ধার করা হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share