TMC Political Crisis

তৃণমূল আইনত একটাই, দলের পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না, লোকসভার স্পিকারকে চিঠি দিলেন অভিষেক

লোকসভায় তৃণমূলের পৃথক ব্লক দাবি তাঁরা জানাবেন। এমন জল্পনার আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৭:২২

তৃণমূল ভাঙনের আগে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন পাতার চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল একটি অখন্ড রাজনৈতিক দল। আইনত তৃণমূল একটাই। তাই তৃণমূলের পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি যাতে দেবেন না বলে অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী সোমবার তৃণমূলের বিদ্রোহী সাংসদদের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার কথা রয়েছে। লোকসভায় তৃণমূলের পৃথক ব্লক দাবি তাঁরা জানাবেন। এমন জল্পনার আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে কালীঘাট শিবিরের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার কীর্তি আজাদ।

ঘটনাচক্রে সাগরিকা এবং কীর্তি যখন ২০ আকবর রোডের ওম বিড়লার বাড়িতে যান তখনই বিদ্রোহী শিবিরের সাংসদেরা ৯ নম্বর মতিলাল নেহরু মার্গের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন।

চিঠিতে অভিষেক লিখেছেন, “তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল। লোকসভায় যে সংসদীয় দল রয়েছে, সেটিও মূল রাজনৈতিক দলের উপরেই নির্ভরশীল এবং তা ওই রাজনৈতিক দলেরই একটি অবিচ্ছেদ্য অংশ। আইনত তৃণমূল একটিই। একইভাবে একজন করেই লোকসভার দলনেতা এবং এক হুইপ আছেন। তাঁরা সকলেই মূল রাজনৈতিক দল এবং তার সাংগঠনিক কর্তৃপক্ষের অনুমোদনে নিজ নিজ পদে থাকেন। সাংসদেরা কখনও একই দলের মধ্যে নিজেদের ইচ্ছামতো কোনও সমান্তরাল ‘গোষ্ঠী’ তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না।”

চিঠিতে মহারাষ্ট্রের মামলায় সুপ্রিম কোর্ট কী কী বলেছিল, তা-ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিঠিতে উল্লেখ করেন। অভিষেকের চিঠি পৌঁছে দেওয়ার পর স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে পুরনো রায়ের কথা উল্লেখ করে কীর্তি বলেন, “সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, কোনও বিভাজন হতেই পারে না।” সাগরিকাও বলেন, “এ রকম ভাবে যারা ভাঙতে চেষ্টা করছে, তারা সফল হবে না। আমরা চিঠি দিয়েছি। যারা একজোট হতে চাইছে, এটা সংবিধানের একেবারে বিরুদ্ধে।”

রবিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে ফের এক দফা বৈঠকে বসেছিলেন তৃণমূল বিদ্রোহী সাংসদেরা। বৈঠকের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেব, পার্থ ভৌমিক, অসিত মাল, জগদীশচন্দ্র বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শর্মিলা সরকার, মিতালি বাগ, বাপি হালদার, ইউসূফ পাঠান, জুন মালিয়া, সায়নী ঘোষ এবং কালীপদ সোরেনকে দেখা যাচ্ছে।


Share