Narendra Modi

চালু হল দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেন, ভোটের আগে রাজ‍্যবাসীকে উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কামাখ্যা ও মালদহ টাউন থেকে একযোগে যাত্রা শুরু করল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া–গুয়াহাটি রুটে সেমি হাইস্পিড এই ট্রেন বাংলার সঙ্গে উত্তর-পূর্বের রেল যোগাযোগে নতুন দিগন্ত খুলল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৪:১৮

সামনেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ‍্যবাসীকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহ টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে অসমের কামাখ্যা এবং মালদহ টাউন স্টেশন থেকে একযোগে যাত্রা শুরু করল দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ এক্সপ্রেস। এ ছাড়াও, প্রধানমন্ত্রী মোদী চারটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন।

মালদহ টাউন স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে কামাখ্যা স্টেশনে থেকে ভার্চুয়ালি যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। কামাখ্যা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের শীর্ষ আধিকারিকেরা। এ দিন মূলত আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আধুনিক এই ট্রেনটি কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশে যাত্রা শুরু করে। হাওড়া-গুয়াহাটি রুটে সেমি হাইস্পিড বন্দে ভারতে স্লিপার কোচ যুক্ত হওয়ায় উত্তর-পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যোগ হল।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘ পশ্চিমবঙ্গে দ্রুত বিকাশ কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য। কিছু ক্ষণ আগে উন্নয়নের সঙ্গে জড়িত বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছি। রাজ্য আধ ডজন নতুন ট্রেন পেয়েছে। তার মধ্যে একটা বন্দে ভারত স্লিপার ট্রেন। এটি সম্পূর্ণ ‘মেড ইন ইন্ডিয়া’। সকলের জন্য আনন্দের যে, প্রথম স্লিপার বন্দে ভারত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই। একটা স্টেশন মালদহও। রাজ্যের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই।’’

এ ছাড়াও, আরও চারটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ বন্দে ভারতের সঙ্গে চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে। এর ফলে উত্তরবঙ্গে যাতায়াত উন্নত হবে। পর্যটকের আনাগোনা বাড়বে।

উল্লেখ্য, রাতের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। ঝাঁকুনিও অত‍্যন্ত কম। ট্রেনটি নিউ জলপাইগুড়ি হয়ে হাওড়া পৌঁছোবে।

উন্নত সুযোগ-সুবিধা ও দ্রুত গতির সমন্বয়ে এই পরিষেবা চালু হওয়ায় পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বাণিজ্যিক ভাবে নিয়মিত চলাচল শুরু হলে এই ট্রেন যাত্রা সময় ও শ্রম দুটিই উল্লেখযোগ্য ভাবে সাশ্রয় করবে।

চলতি বছরে রাজ‍্যে বিধানসভা নির্বাচন হবে। সেই সঙ্গে অসমেও নির্বাচন রয়েছে। হাওড়া থেকে কামাখ‍্যা পর্যন্ত প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ায় রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Share