Laxmir Bhandar

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে! মুর্শিদাবাদের পর এ বার চন্দ্রকোণায় তৃণমূল নেতাকে ঘিরে নতুন বিতর্ক

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা এক তৃণমূল নেতা উত্তম সাউ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছিলেন।

অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সাউ
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণা
  • শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৫৭

মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছিলেন পুরুষরা। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই একটি উদাহরণ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘটনার জেরে বুধবার রাতেই মুর্শিদাবাদের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেফতার করা হয়। এ বার একই ধরনের অভিযোগ সামনে এল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। অভিযুক্তকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা এক তৃণমূল নেতা উত্তম সাউ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছিলেন। পেশায় তিনি একজন ঠিকা কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দাবি, অভিযুক্তকে অবিলম্বে সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উত্তম সাউ। তাঁর দাবি, বিষয়টি তিনি আগে জানতেন না। সম্প্রতি তাঁর নজরে এসেছে। উত্তমের বক্তব্য, উপভোক্তার নামের জায়গায় তাঁর নাম থাকলেও যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, সেটি তাঁর স্ত্রীর। সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলুই। তাঁর দাবি, বিজেপির তরফে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে এটি কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেও হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


Share