Election 2026

‘এ বার শুধু নির্ভয়ে নির্বাচন পর্ব হবে,’ কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পরে জানালেন জ্ঞানেশ কুমার, তৃণমূল কর্মীরা দেখাল কালো পতাকা

সকালে কালীঘাটের মন্দির চত্বরে জড়ো হয় গোটা ৫০-৬০ জন তৃণমূল কর্মী। তাঁদের হাতে জ্ঞানেশ কুমারের ছবি দেওয়া ‘গো ব‍্যাক’ স্লোগান লেখা প্ল্যাকার্ড। কালো পতাকাও ছিল তাঁদের হাতে। মুখ‍্য নির্বাচন কমিশনার আসতেই তাঁকে দেখে স্লোগান উঠতে থাকে।

কালীঘাট মন্দিরে মা কালীর পুজো দিলেন মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১১:৩৯

রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। সোমবার সারাদিন রয়েছে বৈঠক। সব কিছুর আগে কালীঘাটে গিয়ে মা কালীর পুজো দিলেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালকের পরে আজও কয়েক জন তৃণমূল কর্মী তাঁকে কালো পতাকা দেখাল। পুজো দেওয়ার পরে জ্ঞানেশ কুমার বলেন, ‘এ বার শুধু নির্ভয়ে ভোট দেওয়ার পর্ব হবে।’

সোমবার সকাল ১০টা থেকে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে স্বীকৃত কেন্দ্র এবং রাজ‍্যের মোট আটটি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। ১৫ মিনিট করে প্রত‍্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলতে দেওয়া হবে। তার আগেই নির্ধারিত সময়ে কালীঘাটের মন্দিরে পৌঁছে যান দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-সহ অন‍্যান‍্য আধিকারিকেরাও। সকাল ৭টা ৮৪ মিনিট নাগাদ মা কালীর পুজো সেরে তিনি রাজারহাটের উদ্দেশ্যে বেরিয়ে যান।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, দেশের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাট মা কালীর পুজো দিয়েছেন। রাজ্যের প্রতিটি মানুষের মঙ্গল কামনায় তিনি পুজো দিয়েছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছ নির্বাচন করতে তিনি মা কালীর কাছে আশীর্বাদ চেয়েছেন। মা কালীর পুজো দেওয়ার পরে জ্ঞানেশ বলেন, ‘’এ বার শুধু নির্ভয়ে নির্বাচন পর্ব হবে।’’

এ দিন সকালে কালীঘাটের মন্দির চত্বরে জড়ো হয় গোটা ৫০-৬০ জন তৃণমূল কর্মী। তাঁদের হাতে জ্ঞানেশ কুমারের ছবি দেওয়া ‘গো ব‍্যাক’ স্লোগান লেখা প্ল্যাকার্ড। কালো পতাকাও ছিল তাঁদের হাতে। মুখ‍্য নির্বাচন কমিশনার আসতেই তাঁকে দেখে স্লোগান উঠতে থাকে। তৃণমূল কর্মীদের দাবি, “জ্ঞানেশ কুমার বিজেপির দালাল। ইচ্ছাকৃত ভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। বাংলায় তাঁর কোনও জায়গা নেই।”

উল্লেখ্য, গতকাল রাতে বিমানে করে রাজ্যে এসেছেন জ্ঞানেশ কুমার-সহ বাকি নির্বাচন কমিশনারেরা। রাজারহাটের পাঁচতারা হোটেলে যাওয়ার পথে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জ্ঞানেশ কুমারের কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখায়। ব‍্যারিকেড ভাঙার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতায় তা সফল হয়নি।

গতকাল তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লজিকাল ডিসক্রিপেন্সি দেখিয়ে  নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ধর্মতলায় দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আন্দোলন করছেন। আমরা এখানে আন্দোলন করতে এসেছি।


Share