SSC Case

প্রাথমিকের পর এসএসসি কেলেঙ্কারিতেও ইডির নজর, মার্চেই হাজিরার নোটিস পার্থ ও অর্পিতাকে

পরে সিবিআই এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ করে। তবে এসএসসি মামলায় ইডি এই প্রথম তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল।

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০২:৫৭

প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এ বার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তের স্বার্থে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি, এর পরেই তাঁদের গ্রেফতার করা হয়। পরে সিবিআই এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ করে। তবে এসএসসি মামলায় ইডি এই প্রথম তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, শুধু পার্থ ও অর্পিতাই নন, তদন্তের স্বার্থে চলতি মাসেই আরও কয়েক জনকে তলব করা হতে পারে। পাশাপাশি একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

গত বছরের নভেম্বরে সমস্ত মামলায় জামিন পাওয়ার পর তিন বছর তিন মাস পর পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফেরেন। এরপর ডিসেম্বরে নাকতলার ‘বিজয়কেতন’ আবাসনের স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে চোট পান তিনি। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ ডিসেম্বর সাসপেন্ড তৃণমূল বিধায়ক বাড়ি ফেরেন। অন্য দিকে, অর্পিতা মুখোপাধ্যায় ২০২৪ সালের নভেম্বরে দু’বছর তিন মাস জেলে থাকার পর জামিন পান। তবে সিবিআইয়ের কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি।


Share