TMC Political Crisis

‘লেবু কচলে আর তেতো করো না,’ তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে অভিষেক-কুনালের মধ‍্যে তর্কাতর্কি, সামাল দিতে আসরে নামেন মমতা

তৃণমূল সূত্রের খবর, দু’জনের মধ্যে বাক‍্যবিনিময় থামাতে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন। তিনি তাঁদের থামানোর চেষ্টা করেন। তাতেও কোনও কাজ না হলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামেন।

(বাঁ দিক থেকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:১৪

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক কুনাল ঘোষ। শনিবার সন্ধ্যায় তৃণমূলনেত্রীর বাড়িতে কর্ম সমিতির বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সামাল দিতে প্রথমে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন। না থামলে মমতা বন্দ্যোপাধ্যায় তিন জনের মাথায় হাত রেখে বলেন— ঠান্ডা ঠাণ্ডা কুল কুল, এখন শান্ত থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষ, কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ কিছু নেতা সেখানে উপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা উঠতেই তাঁকে উত্তর কলকাতার জেলার সভাপতি পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় কুনাল ঘোষকে আনা হয়েছে। এর পরেই কুনাল ঘোষ আরও কিছু রদবদল তড়িঘড়ি করতে হবে বলে দাবি জানান। এই দাবির পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান— সব দেখা হবে, পরে হবে। সাধারণ সম্পাদক অভিষেককে পাল্টা বলেন— অভিষেক তুমি আর লেবু চটকে তোতো করো না।

সেই বৈঠক শেষ হতেই আবার দু’জনের মধ্যে বিতন্ডা শুরু হয়। বৈঠক শেষে অভিষেক-কুনালের মধ্যে চোখাচুখি হতেই ফের বদানুবাদ শুরু হয়। সূত্রের খবর, অভিষেক কুনালকে দেখে বলে ওঠেন— ‘তুমি কি ঝগড়া করবে বলেই এখানে এসেছিলে?’ কুনাল বলেন, ‘আমি ঝগড়া করিনি। যেটা বলার সেটা বলেছি।’ এর পরেই সুমিত রায়ের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুনালকে অভিষেক বলেন, ‘তুমি আমার আর সুমিতের বিরুদ্ধে মন্তব্য করেছ।’ এখন কুনাল বলেন, ‘আমি তোমার বিরুদ্ধে কোনও মন্তব্য করিনি। তুমি সুমিতকে কেন কাঁধে নিচ্ছো!’

বৈঠকে উপস্থিত থাকা এক প্রবীণ নেতার কথা, তিনি অভিষেকের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কুনাল অভিষেককে তখনই জানিয়ে দেন, সংবাদমাধ্যম তাঁর প্রতিক্রিয়া জানতে গেলে তিনি সুমিত রায়ের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি চালানোর বিরোধিতা করেছেন।

তৃণমূল সূত্রের খবর, দু’জনের মধ্যে বাক‍্যবিনিময় থামাতে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন। তিনি তাঁদের থামানোর চেষ্টা করেন। তাতেও কোনও কাজ না হলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামেন। তিনি তাঁদের বলেন, ঠান্ডা ঠাণ্ডা কুল কুল। এখন মাথা ঠান্ডা করে সবাইকে কাজ করতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 


Share