Repo Rate

মজবুত ভারতের অর্থনীতি, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, ‘ভূ-রাজনীতিতে টানাপড়েন এবং অনিশ্চয়তা বাড়লেও ভারতের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে। বৃদ্ধি রয়েছে এবং মূল্যবৃদ্ধি কম রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ায় এবং আমেরিকার সঙ্গে চুক্তির আলোচনার আবহে, এই বৃদ্ধি দীর্ঘমেয়াদে থাকবে।’

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩

রেপো রেটে কোনও পরিবর্তন আনল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে রেপো রেট আগের মতোই ৫.২৫ শতাংশে বহাল থাকছে। ৬ ফেব্রুয়ারি আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, ভারতের অর্থনীতি এখনও মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, ‘ভূ-রাজনীতিতে টানাপড়েন এবং অনিশ্চয়তা বাড়লেও ভারতের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে। বৃদ্ধি রয়েছে এবং মূল্যবৃদ্ধি কম রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ায় এবং আমেরিকার সঙ্গে চুক্তির আলোচনার আবহে, এই বৃদ্ধি দীর্ঘমেয়াদে থাকবে।’

রেপো রেটের পাশাপাশি অন্যান্য নীতিগত হারও অপরিবর্তিত রাখা হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট পাঁচ শতাংশেই রয়েছে, যে হারে ব্যাঙ্কগুলি অতিরিক্ত নগদ আরবিআই-এর কাছে জমা রাখে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও ৫.৫ শতাংশে স্থির, যে হারে ব্যাঙ্কগুলি আরবিআই থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়।

আরবিআইয়ের অনুমান, খুচরো মুদ্রাস্ফীতি কিছুটা বাড়তে পারে, তবে তা দুই-ছয় শতাংশের টলারেন্স ব্যান্ডের মধ্যেই থাকবে। কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ভিত্তিতে এই মুদ্রাস্ফীতি নির্ধারিত হয়। ২০২৬ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতি গড়ে ২.১ শতাংশ হতে পারে বলে মনে করছে আরবিআই। একই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তা ৩.২ শতাংশে পৌঁছতে পারে। ২০২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৪.২ শতাংশে উঠতে পারে।

২০২৬ অর্থবর্ষ এবং ২০২৭ অর্থবর্ষের প্রথম অর্ধের জন্য রিয়েল জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে। ২০২৬ অর্থবর্ষের জন্য আগে জিডিপি বৃদ্ধির হার বলা হয়েছিল ৭.৩ শতাংশ সেটা বাড়িয়ে করা হয়েছে ৭.৪ শতাংশ।

এর পাশাপাশি গ্রাহকদের স্বার্থ রক্ষায় ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির জন্য নতুন কিছু নিয়ম আনার কথাও জানিয়েছে আরবিআই।

উল্লেখ্য, রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। যখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর অর্থের প্রয়োজন হয়, তারা এই হারে আরবিআই থেকে টাকা ধার করে। এটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থের প্রবাহ পরিচালনার একটি প্রধান হাতিয়ার। 


Share