Murder

দিল্লির সিআর পার্কে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন, গুরুতর আহত এক আত্মীয়, গ্রেফতার অভিযুক্ত আসাদ

শনিবার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, রাকেশ এবং করণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত রাহুলের চিকিৎসা দ্রুত শুরু হয়।’’

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৭:০৬

বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা। নিহতদের এক আত্মীয় গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিল্লির সিআর পার্কে। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। আসাদ ওই আবাসনের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, নিহতেরা হলেন রাকেশ সুদ (৬২) এবং তাঁর পুত্র করণ সুদ (২৭)। হামলায় গুরুতর জখম হয়েছেন করণের খুড়তুতো ভাই রাহুল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ন'টা নাগাদ দক্ষিণ দিল্লির সি আর পার্ক এলাকার একটি আবাসনে ওই বেসরকারি হাসপাতালে ছুরিকাহত তিন জনকে ভর্তি করান তাঁদের পরিজনেরা। সেখান থেকেই খবর পায় পুলিশ। শনিবার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, রাকেশ এবং করণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত রাহুলের চিকিৎসা দ্রুত শুরু হয়।’’

পুলিশ সূত্রের খবর, তাঁরা সম্পত্তি সংক্রান্ত ব‍্যবসায় নিযুক্ত ছিলেন। আসাদের কাছ থেকে বেশ কিছু টাকা পেতেন নিহতেরা। তা দাবি করতেই আসাদ তাঁদের ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তাঁর সমাজমাধ্যমে দাবি করেন, ‘‘অলকনন্দার তারা অ্যাপার্টমেন্টস দক্ষিণ দিল্লির সবচেয়ে নিরাপদ আবাসিক এলাকা হওয়ার কথা ছিল। প্রয়াত শ্রীমতী সুষমা স্বরাজ এবং বহু সাংসদ সেখানে বহু বছর বসবাস করেছেন।” তাঁর আরও দাবি, সেখানে এই জোড়া খুন ঘটনার পরে আইন-শৃঙ্খলার অবনতির কথাই প্রমাণ করেছে।


Share