Mysterious Death

খড়্গপুর আইআইটিতে রহস্যমৃত্যু, উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার রক্তাক্ত দেহ

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। সাম্প্রতিক একাধিক অস্বাভাবিক মৃত্যুর জেরে ফের ক্যাম্পাসের নিরাপত্তা ও পড়ুয়াদের মানসিক চাপ নিয়ে প্রশ্ন উঠছে।

খড়্গপুর আইআইটি কলেজ
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৬:৫১

খড়্গপুরের আইআইটি ক্যাম্পাসে এক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত ছাত্রের নাম জয়বীর সিং দারিয়া (২১)। তিনি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শনিবার সকালে ক্যাম্পাসের অটলবিহারী বাজপেয়ী হলের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে আসে। তাঁরাই দ্রুত আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশে জানানো হয়। খবর পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়বীরকে উদ্ধার করে। তাঁকে ক্যাম্পাসের বি.সি. রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়বীর গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, তিনি সম্ভবত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। যদিও বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এই ঘটনার পর আবারও ক্যাম্পাসের পড়ুয়াদের নিরাপত্তা এবং মানসিক চাপের বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

উল্লেখ্য, গত ১৬ মাসে এই নিয়ে খড়্গপুর আইআইটিতে মোট আট জন পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসের ভেতরে অধিকাংশ ঘটনাই ঘটেছে। একাধিক এমন ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে। কেন মেধাবী তরুণরা বারবার এমন চরম সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়ে গেছে।


Share