Plane Crash

দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডের সিমারিয়ায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, নিখোঁজ সাত জন, চলছে উদ্ধারকাজ

অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলি স্বচ্ছতা, নিরাপত্তা তদারকি ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জল্পনা না করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪

দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে এয়ার অ‍্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রা জেলার সিমারিয়ায় ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার পরে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। সেই বিমানে সাতজন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন ক্রু সদস্য।

বিমানটি দিল্লিভিত্তিক রেডফোর্ড এয়ারওয়েজ পরিচালিত বিচক্রাফ্ট কিং এয়ার (বিই৯এল) বিমান। এ দিন সন্ধ্যায় এই এয়ার অ্যাম্বুলেন্সটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। সূত্রের খবর, বিমানে একজন রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, দু’জন অ্যাটেনডেন্ট, একজন পাইলট এবং একজন সহকারী-পাইলট ছিলেন।

এ দিন এয়ার অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে রাঁচি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে থেকে যাত্রা শুরু করে। রাত ১০টায় দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে উড়ানের মাত্র ২৭ মিনিট পর অর্থাৎ সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অসামরিক বিমান মন্ত্রকের অধীনস্থ ডিজিসিএ জানিয়েছে, কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনের পর প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বারাণসীর কাছে রাডার এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির শেষ অবস্থান পালামুর কাছে ছিল বলে জানা গিয়েছে। পরে বিমানটি ঝাড়খন্ডের ছাত্রার সিমারিয়ার কাসিয়াতু জঙ্গলে বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। রাতের অন্ধকারে উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে, অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলি স্বচ্ছতা, নিরাপত্তা তদারকি ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জল্পনা না করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, কিছুদিন আগে মহারাষ্ট্রে বারামতীতে লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় এনসিপি নেতা তথা রাজ‍্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ পাঁচজন নিহত হন। ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিসি)-এর নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক।


Share