Bangladesh

হাসিনা বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতেই শাকিবের বাড়িতে হামলা, দরজায় লাগানো হল আগুন, ভাঙচুর

বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভার্চুয়াল বৈঠকে হানির পুত্র সজিব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে শাকিবও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে তাঁর পাশে দেখা যাওয়ার জন্যই বাংলাদেশে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে ‘প্রথম আলো’ দাবি করেছে।

শাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০১:২৪

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফেরার কথা ঘোষণা করতেই আবার উত্তপ্ত বাংলাদেশ। সেই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন ক্রিকেটার শাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাঁর বাড়ি লক্ষ‍্য করে পাথর ছোঁড়া হয়েছে। আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাসিনার ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেই কারণেই তাঁর বাড়িতে হামলা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ শাকিব আল হাসানের বাড়ির সামনে কিছু লোক জড়ো হয়। তারা লাঠি, পাথর ছোঁড়ে। শাকিবের বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। এমনকী, শাকিবের বাড়ির লোহার গেটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে আগুন ছড়িয়ে পড়েনি। নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। মগুরা সদর থানার এক পুলিশ আধিকারিক ‘প্রথম আলো’-কে জানিয়েছে, ঘটনায় কেউ জখম হয়নি। শাকিবের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শাকিবের বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে কি না তা স্পষ্ট করেনি পুলিশ। ঘটনায় কাউকে গ্রেফতার এখনও করা হয়নি। 

বাংলাদেশের ক্রিকেটার হওয়ার পাশাপাশি শাকিব হাসিনার সরকারের আওয়ামি লিগের সাংসদ ছিলেন। দু’বছর আগে এই দিনেই হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। তার পর থেকে দেশে ফিরে যাননি শাকিব আল হাসানও। শাকিবের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সেই মামলাতে বাংলাদেশের আদালত দোষী সাব্যস্ত করেছে।

নতুন সরকার আসার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় তামিম ইকবাল বসেছেন। শাকিবকে দেশে ফেরানোর কথা চেষ্টা করা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথাও বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছিল। এরই মধ্যে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটল। 

বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভার্চুয়াল বৈঠকে হানির পুত্র সজিব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে শাকিবও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে তাঁর পাশে দেখা যাওয়ার জন্যই বাংলাদেশে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে ‘প্রথম আলো’ দাবি করেছে। 


Share