Mamata Banerjee

“আমাকে ভোট মানেই অধিকার রক্ষা”, তেঁতুলিয়ায় সভা থেকে বার্তা মমতার, ইভিএমে কারচুপির আশঙ্কা মুখ‍্যমন্ত্রীর

রাজ্য সরকারের ১০৫টি প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন “কিচ্ছু বাকি নেই, ১০৫টা স্কিম সবটাই করা হয়েছে। আমাদের সঙ্কল্প, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন মা ও বোনেরা। যুবসাথী থাকবে। সবার পাকা বাড়ি হবে। এক কোটি বাড়িতে নলের জল পৌঁছেছে। যেটুকু বাকি আছে সব জায়গায় পৌঁছবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:২৪

চৈত্রের শেষ প্রান্তে এসে বসন্তের আমেজ নেই, তার বদলে উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়া হাই স্কুলের মাঠে দেখা গেল ২০২৬-এর নির্বাচনের তীব্র উত্তাপ। বৃহস্পতিবার স্বরূপনগর, অশোকনগর এবং বনগাঁ দক্ষিণ এই তিন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল, নারায়ণ গোস্বামী ও ঋতুপর্ণা আঢ্যের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে তাঁর হেলিকপ্টার নামলেও সকাল থেকেই মাঠে উপচে পড়েছিল মানুষের ভিড়। মঞ্চে উঠে তিন প্রার্থীর হাত ধরে সামনে এনে তাঁর আর্জি, এই ভোট শুধু সরকারের ধারাবাহিকতার জন্য নয়, মানুষের অধিকার রক্ষার লড়াইও।

বক্তব্যের শুরুতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। প্রায় ৯০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার বিষয়টিকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করে তিনি বলেন, “যদি রাজ্যের এখন চালু যে প্রকল্পগুলো চালাতে হয়, মানুষকে সুস্থ রাখতে হয় তাহলে অন্য কাউকে নয়, কে প্রার্থী ভুলে যান সরকার যদি আমাদের চান, তাহলে আমাকে ভোট দিচ্ছেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্নে তিনি এ দিন নিজেকেই মুখ্য প্রতীক হিসেবে তুলে ধরেন।

রাজ্য সরকারের ১০৫টি প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন “কিচ্ছু বাকি নেই, ১০৫টা স্কিম সবটাই করা হয়েছে। আমাদের সঙ্কল্প, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন মা ও বোনেরা। যুবসাথী থাকবে। সবার পাকা বাড়ি হবে। এক কোটি বাড়িতে নলের জল পৌঁছেছে। যেটুকু বাকি আছে সব জায়গায় পৌঁছবে।” তাঁর কথায়, মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য।

দলের কর্মীদের উদ্দেশে এ দিন কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। ভোট শেষ না হওয়া পর্যন্ত বুথ না ছাড়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভোট শেষ না হওয়া পর্যন্ত কেউ চলে যাবেন না। মেশিনে কারচুপি করবে। মনে রাখবেন চিপ ঢুকিয়ে ভোট চুরি করতে পারে। বাইরে থেকে লোক ঢোকাচ্ছে।” কিন্তু তা নিয়ে চিন্তিত নন মমতা, তিনি বিশ্বাস করেন, তাঁর কর্মীরা লড়ে নেবেন।


Share