Operation Him Setu

৪৮ ঘণ্টায় অসম্ভবকে সম্ভব! লাচেনে আটকে পড়া পরা পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী

দ্রুত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করে, যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা পার করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
নিজস্ব সংবাদদাতা, লাচেন
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৫:১৭

উত্তর সিকিমের লাচেন এলাকায় ভয়াবহ ভূমিধস এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে পড়া পর্যটকদের শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করল সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। ‘অপারেশন হিম সেতু’ নামে এই বিশেষ অভিযানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এক হাজার ৩২১ জন পর্যটক ও ৮৪ জন স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করা হয়।

কয়েক দিন আগে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয় লাচেন-চুংথাং সড়ক। ফলে লাচেনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করে, যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা পার করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

উদ্ধার অভিযানের সময় বিভিন্ন জায়গায় রিসেপশন সেন্টার তৈরি করা হয়। সেখানে আটকে পড়া মানুষদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের একটি দল মোতায়েন করা হয়েছিল।

দুর্গম এলাকায় আটকে থাকা গাড়িগুলিকেও সেনাবাহিনীর বিশেষ যানবাহনের সাহায্যে নিরাপদে পার করা হয় বলে জানিয়েছে ইস্টার্ন কম্যান্ড।

এই বৃহৎ উদ্ধার অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর 'ত্রিশক্তি কোর', যা ইস্টার্ন কমান্ডের অধীনে কাজ করে। পাশাপাশি উদ্ধারকাজে সহায়তা করে বর্ডার রোডস অর্গানাইজেশন। তাঁরা রাস্তা পরিষ্কার, বরফ সরানো এবং যোগাযোগ পুনরুদ্ধারের কাজ চালায়।

ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জানান, “প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, সৈন্যরা অস্থায়ী সেতু ও নিরাপদ পারাপারের স্থান নির্মাণের মাধ্যমে সংযোগ পুনঃস্থাপন নিশ্চিত করেছে, যা নিরবচ্ছিন্ন উদ্ধারকার্য সম্ভব করেছে।”


Share