Partha Chatterjee

নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এল ইডি, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, চলছে জিজ্ঞাসাবাদ

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকেরা পৌঁছেছেন। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাঁরা গোটা বাড়ি ঘিরে রেখেছে। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১২:৩৮

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক বার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু প্রতি বারই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকে সেখানে পৌঁছে গিয়েছেন। একই সঙ্গে নিউ টাউনের প্রসন্ন রায়ের বাড়িতে ইডির আধিকারিকেরা হাজির হয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায় ‘মিডলম‍্যান’ হিসেবে অভিযুক্ত।

নাকতলার বাড়ি থেকেই ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শনিবার সকাল ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নাকতলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকেরা এসেছেন। ইডি সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে একাধিক বার তলব করেছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি। জানিয়েছিলেন, ভিডিয়ো কলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পরে। প্রয়োজনে তাঁর বাড়িতে এসেও ইডির আধিকারিকেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তাই তাঁর বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকেরা এসেছেন।

নাকতলার বাড়িতে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তিনটি গাড়ি করে এসেছেন। গোটা বাড়ি ঘিরে রেখেছেন তাঁরা। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতেই আছেন। এ ছাড়াও, পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়িতেও ইডির আধিকারিকেরা গিয়েছেন। সেখানেও যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছেন।

নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরের বেশি সময় জেল খেটেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ টাকা উদ্ধার হয়েছিল। ইডির একাধিক চার্জশিট আদালতে পেশ করেছে। তাতে পার্থ চট্টোপাধ্যায় এবং প্রসন্ন রায়ের নাম রয়েছে। তার পর থেকেই পার্থের সঙ্গে দুরত্ব বাড়িয়েছে তৃণমূল। খাতায়কলমে পার্থ চট্টোপাধ্যায় এখনও বেহালা পশ্চিমে বিধায়ক। কিন্তু এ বারে নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। সেই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রত্না চট্টোপাধ্যায়। 

গত কয়েক দিন ধরে সক্রিয় হয়েছে ইডি। কিছু দিন আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রথীন ঘোষকে ইডি তলব করেছে। গত বৃহস্পতিবার এবং শুক্রবার পৃথক ভাবে তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁরা হাজিরা দেননি। এ ছাড়াও, জমি সংক্রান্ত মামলায় রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দু’বার সিজিও কমপ্লেক্সে ইডি তলব করেছিল। আবার মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা এবং তাঁর ছেলে সাকেত মোহতার আলিপুরের বাড়িতেও ইডি গত বুধবার তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগে বেআইনি লেনদেন ঠেকাতে এই অভিযান বলে মনে করছে রাজনৈতিক মহল। 


Share