Election Commission

ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, কারা ভোট দেবেন প্রথম দফায়, জানাল নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২২ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম এই তালিকায় রয়েছে, তাঁরা ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১১:০৭

বুধবার ভোররাতে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রথম দফার অ্যাপিলেট ট্রাইব্যুনালের অতিরিক্ত তালিকা। এই তালিকার মাধ্যমেই জানা যাবে, বিচারাধীনদের মধ্যে কারা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২২ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম এই তালিকায় রয়েছে, তাঁরা ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

একই সঙ্গে, যাঁদের নাম ট্রাইব্যুনালের নিষ্পত্তির পরও তালিকায় স্থান পায়নি, সেই তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে মোট কতজনের নাম যুক্ত হয়েছে বা বাদ পড়েছে, তা এখনও স্পষ্ট করেনি কমিশন। সূত্রের খবর, এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলের মধ্যে জানানো হতে পারে।

উল্লেখ্য, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র কারণে যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। পরবর্তী নিষ্পত্তির ভিত্তিতে যাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই তালিকাই এদিন প্রকাশ করা হয়েছে। ভোটাররা তাঁদের এপিক নম্বর ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিতে পারবেন, তাঁদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে কি না।


Share