Assembly Election

নজরে দ্বিতীয় দফার ভোট, বুধবার দুপুর থেকে চারটি জায়গায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় একটি রোড শো করেছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১০:৩৫

প্রথম দফার প্রচার শেষ হয়েছে। এ বার নজর দ্বিতীয় দফায়। বুধবার থেকেই মাঠে নেমে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন চারটি জেলায় জনসভা এবং রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। 

রাজ্য বিজেপি জানিয়েছে, বুধবার দমদমে বিজেপি প্রার্থীদের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি জনসভা করবেন। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ সেই সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। দমদমের অগ্রদূত ময়দানে জনসভাটি হবে। তার পরে গ্রামীণ হাওড়ায় যাবেন। হাওড়ার বাণীপুরে বিআর অম্বেডকর ময়দানে জনসভা করবেন। সভাটি দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। হাওড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা সেরে তিনি হুগলিতে আসবেন। সেখানে সপ্তগ্রাম বিধানসভার বালটিকুড়ি ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন।

এর পরেই তিনি দক্ষিণ ২৪ পরগনায় জেলার সোনারপুরে আসবেন। সেখানে এটি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি রোড শো করবেন। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। সোনারপুর মোড় থেকে রোড শো শুরু হবে বলে রাজ্য বিজেপি জানিয়েছে।

উল্লেখ্য, বিজেপি প্রার্থীদের প্রচারের জন্য দু’দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চারটি জায়গায় জনসভা করেছেন। কার্শিয়ং, আসানসোলের কুলটি, শালবনি এবং চন্ডীপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। মঙ্গলবার তিনি রাজারহাটের পাঁচতারা হোটেলে রাত্রিযাপন করবেন। বুধবার দুপুর থেকেই দ্বিতীয় দফায় আসনগুলিতে বিজেপি প্রার্থীদের প্রচারে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় একটি রোড শো করেছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফায় ভোটপ্রচার ইতিমধ্যেই শেষ হয়েছে। এ বার লক্ষ‍্য দ্বিতীয় দফার আসনগুলি। বুধবার থেকেই তা শুরু হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Share