Narendra Modi

২২ এপ্রিলের বিভীষিকা আজও তাজা, নরেন্দ্র মোদীর কড়া বার্তা ‘সন্ত্রাসের কাছে মাথা নত নয়’, স্মৃতিতে ২৬ নিরীহ প্রাণ

সেনার বার্তায় বলা হয়েছে, "ভারতের বিরুদ্ধে হওয়া যে কোনও ষড়যন্ত্রের নিশ্চিত জবাব দেওয়া হবে। দোষীদের উচিত সাজা দেওয়া হবে। ন্যায়বিচারই অগ্রাধিকার।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১২:২৬

পহেলগামে ভয়াবহ ইসলামিক জঙ্গি হামলার এক বছর পূর্ণ হচ্ছে আজ, বুধবার ২২ এপ্রিল। সেই নারকীয় ঘটনার বর্ষপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "গত বছর আজকের দিনে জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন সাধারণ মানুষকে নৃশংস ভাবে হত্যা করেছিল জঙ্গিরা। ওই ঘটনা ভারতীয়রা কোনও দিন ভুলবেন না। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। ভারত সন্ত্রাসের কাছে কখনও মাথা নত করবে না।"

ভারতীয় সেনাবাহিনীও এই দিনটিকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেনার বার্তায় বলা হয়েছে, "ভারতের বিরুদ্ধে হওয়া যে কোনও ষড়যন্ত্রের নিশ্চিত জবাব দেওয়া হবে। দোষীদের উচিত সাজা দেওয়া হবে। ন্যায়বিচারই অগ্রাধিকার।"

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় ভয়াবহ এই ইসলামিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। ধর্ম নিশ্চিত করে সাধারণ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানের জঙ্গিরা। পরিবারের সামনেই ২৬ জন পুরুষ পর্যটককে হত্যা করা হয়, যদিও তাঁদের স্ত্রীদের ছেড়ে দেওয়া হয়েছিল।

এই ঘটনার পরই ভারতের তরফে শুরু হয় পাল্টা সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'। এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ও লঞ্চপ্যাড ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় বাহিনীর অভিযানে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয় বলে জানা যায়। পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তা বিশেষ ফলপ্রসূ হয়নি, এবং চার দিনের সংঘর্ষের পর পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়।

পাশাপাশি, হামলার মূল তিন অভিযুক্তকে ধরতে ভারতীয় সেনা চালায় ‘অপারেশন মহাদেব’। প্রায় ৯৩ দিন ধরে ৩০০ বর্গ কিলোমিটার দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত ওই তিন জঙ্গিকে নির্মূল করা হয়।

বর্তমানে ভারত-পাক সীমান্তে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ এখনও চালু রয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Share