Assembly Election

ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত ভোট প্রস্তুতি, আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত একাধিক বুথ, জখম দু'জন প্রশাসনিক আধিকারিক

প্রবল ঝড়ে একাধিক ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত, গাছ উপড়ে যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। রবীন্দ্রভবনে সিলিং ভেঙে পড়ে জখম হন দুই বিডিও। প্রশাসন রাত থেকেই পরিস্থিতি সামাল দিতে তৎপর।

ঝরে ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্র।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৩:৫৩

ভোটের আগের রাতেই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত আলিপুরদুয়ার। মঙ্গলবার রাতের প্রবল ঝড়বৃষ্টিতে জেলার একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। কোথাও গাছ উপড়ে পড়ে। কোথাও আবার ভোটকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে জখম হয়েছেন দুই বিডিও। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন রাত থেকেই তৎপর হয়েছে।

আবহাওয়া দপ্তর আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছিল। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। সেই পূর্বাভাস মেনেই মঙ্গলবার সন্ধ্যার পর আলিপুরদুয়ার জুড়ে আচমকাই কালবৈশাখী নেমে আসে। প্রায় আধঘণ্টা ধরে ঝড়বৃষ্টি চলে।ঝড়বৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে।বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। ফলত বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা সদর এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ভোটের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল রবীন্দ্রভবন। দুর্যোগের সময় সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অরিজিৎ দাস এবং কালচিনির বিডিও মিঠুন মজুমদার। আচমকা সিলিংয়ের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনায় দু’জনেই জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে মাদারিহাট বিধানসভার লঙ্কাপাড়া টিজি প্রাইমারি স্কুলে ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল। ঝড়ে গাছ ভেঙে পড়ে সেই স্কুলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় বুথের কাঠামোও। বীরপাড়া এলাকায় একাধিক রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন বুথের বাইরে লাগানো ত্রিপল ছিঁড়ে যায়। অনেক জায়গায় স্ট্রাকচারও ভেঙে পড়ে।

ঝড়ের জেরে গোটা জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। যা গভীর রাত পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি। রাত থেকেই প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের কাজে নামে। বুধবার সকাল থেকেও বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে কাজ চলছে। বৃহস্পতিবার ভোটের আগে এই আকস্মিক দুর্যোগ প্রশাসন ও নির্বাচন কর্তাদের উদ্বেগ বাড়িয়েছে।


Share