Election Commission

মক পোলিং থেকে শেষ ভোট পর্যন্ত কড়া নজর কমিশনের, দেরি হলেই অ্যালার্ম, এআই ক্যামেরায় সরাসরি তথ্য যাবে কমিশনের দফতরে

ভোটের দিনে প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের শতাংশের আপডেট এই অ্যাপেই জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ফলে আগের এসএমএস ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, এ বার থেকে সমস্ত তথ্য আদানপ্রদান হবে শুধু এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৩:৩৪

এ বারের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়াতে নির্বাচন কমিশন নতুন উদ্যোগ নিয়েছে। চালু করা হয়েছে ‘ইসিআই নেট’ নামে একটি বিশেষ অ্যাপ, যার মাধ্যমে নির্বাচনের প্রতিটি মুহূর্তের নির্ভুল তথ্য সরাসরি পৌঁছে যাবে কমিশনের কাছে।

ভোটের দিনে প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের শতাংশের আপডেট এই অ্যাপেই জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ফলে আগের এসএমএস ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, এ বার থেকে সমস্ত তথ্য আদানপ্রদান হবে শুধু এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

মক পোলিং থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপের ওপর থাকবে কড়া নজরদারি। যদি কোনও প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট সময়ে আপডেট দিতে ব্যর্থ হন, তবে অ্যাপে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা বাজবে। পাশাপাশি, বুথে থাকা এআই ক্যামেরাও সেই সংক্রান্ত তথ্য সরাসরি কমিশনের সদর দফতরে পাঠাবে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন আরও একাধিক পদক্ষেপ নিয়েছে, যা আগের নির্বাচনে দেখা যায়নি। এর মধ্যে ভোটের দিনগুলিতে বাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও রয়েছে। যদিও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে, যার শুনানি বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বৃহস্পতিবার নির্ধারিত।

Share