Assembly Election

কোথায় ভোট দেবেন তা ক‍্যামেরায় ধরা পড়বে! প্রচারে বেরিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১২:০৩

ভোটারেরা কোথায় ভোট দেবেন, তা ক‍্যামেরায় ধরা পড়বে। এ বার বিতর্কে জড়ালেন খোদ তৃণমূল প্রার্থী। দুর্গাপুরের পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের এমন মন্তব্যের পরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত দলের হয়ে ভোটের প্রচার করছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে বলছেন, ‘ভাই ভোট দেবে কিন্তু। দেবে তো পাক্কা? ক‍্যামেরাতে দেখে নেব কিন্তু।”

আগামী ২৩ এপ্রিল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তৃণমূল প্রার্থী কবি দত্তের এ হেন মন্তব্যের পরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ‍্য বিজেপির এক নেতা বলেন, ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল প্রার্থী। এমনিতেই তাঁরা বুঝে গিয়েছেন মানুষ তাঁদের সঙ্গে নেই। তাই ভয় দেখানোর চেষ্টা করছে।”

অন‍্য দিকে, ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা আগামীতে জানা যাবে।

উল্লেখ্য, কিছু দিন আগেই ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুর পুরসভার ৮ ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রাজু মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, “যদি ভোট গন্ডগোল (যদি বিজেপিকে ভোট দেওয়ার থাকে) হয়েছে, তাহলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। আমি বাড়িতে রসগোল্লা, ছানাবড়া পাঠিয়ে দেব।” এর পরেই রাজু বলেন, ““এই বছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, খাতায় সব এন্ট্রি করা থাকবে। কোন বাড়ির কে (কোন চিহ্নে) ভোট দিচ্ছে, আমাদের ক‍্যামেরা থাকবে।“

আবার একই ভাবে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল ক‍্যানিংয়ের দেউলি-১ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাফিজুল মোল্লা উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। ভোটারদের হুমকি দিয়েছিলেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলছেন, “গণনার দিন তাঁদের ওপর স্টিম রোলার চলবে।” ভিডিয়ো ভাইরাল হতেই কমিশনের নজরে তা আসে। তার পরেই রাজ‍্য পুলিশকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে পদক্ষেপ করতে নির্দেশ দেয়।


Share