Assembly Election

প্রথম দফার পরে নজরে দ্বিতীয় দফা, সাতদিন শহরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মধ‍্যরাত পর্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন অমিত শাহ

দ্বিতীয় দফার ভোটের রণকৌশল নিয়ে মঙ্গলবার গভীর রাতে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফার নির্বাচন যে সব এলাকায়, সেখানকার জেলা সভাপতি, জেলা ইনচার্জ এবং প্রবাসী জেলা ইনচার্জদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

দ্বিতীয় দফার ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১০:৫১

ভোট পশ্চিমবঙ্গে আগামী ২৭ এপ্রিল, সোমবার পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতাতেই থাকবেন। রাজ্য বিজেপির সূত্রে এ কথা জানা গিয়েছে। আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। সোমবার সেখানে প্রচারের সময়সীমা শেষ হচ্ছে। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার যখন প্রথম দফার ভোট হবে, তখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ রাজ্যেই থাকবেন বলে জানা গিয়েছে।

এরই মধ্যে দ্বিতীয় দফার ভোটের রণকৌশল নিয়ে মঙ্গলবার গভীর রাতে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় দফার নির্বাচন যে সব এলাকায়, সেখানকার জেলা সভাপতি, জেলা ইনচার্জ এবং প্রবাসী জেলা ইনচার্জদের নিয়ে বৈঠকে বসেন তিনি। চারটি সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা বৈঠকে ডাক পেয়েছিলেন। যার অধীনে রয়েছে মোট ১৩টি সাংগঠনিক জেলা। এ ছাড়াও, শাহের সঙ্গে ছিলেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লবকুমার দেব, এবং অমিত মালব‍্য।

বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক শুরু করেন। ১২টা ৫ মিনিট নাগাদ বৈঠক শেষ হয়। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ওই ১৩টি জেলায় যত বিধানসভা আসন রয়েছে, সেগুলির প্রতিটির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা আলাদা করে হিসাব নিয়েছেন। কোন বিধানসভা কেন্দ্রে কী পরিস্থিতি, কত শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে, এসআইআরের পরে সেখানকার পরিস্থিতি কেমন, কোন আসনে দল জেতার সম্ভাবনা বেশি, কোন কেন্দ্রে সম্ভাবনা কম— সে সব বিষয়ে তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে অমিত শাহ নিয়েছেন। তাঁর নিজের কাছেও এই সংক্রান্ত রিপোর্ট রয়েছে। কিন্তু যাঁরা সরেজমিনে এলাকাগুলি সামলাচ্ছেন, তাঁদেরও বা কী উপলব্ধি, তা-ও জেনে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


Share