Assembly Election

ভোটের প্রাক্কালে নন্দীগ্রামে অশান্তি, পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত

তৃণমূলের অভিযোগ, পতাকা-ব্যানার ছেঁড়া ও কর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট চালিয়েছে বিজেপি দুষ্কৃতীরা। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের ব্যানার ও পতাকা ছেঁড়ার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৪:০৮

আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম আলোচনার শীর্ষে। প্রথম দফা ভোটের আগের রাতে ফের অশান্তির আঁচ নন্দীগ্রামে। বৃহস্পতিবার নন্দীগ্রাম এলাকায় প্রবল রাজনৈতিক উত্তেজনা তৈরী হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাতের অন্ধকারে তাদের লাগানো পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, দলের এক কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর ঘটনাও সামনে এসেছে।

নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাণ্ডপ্রশরা বুথে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাদের অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, ভোটের আগে পরিস্থিতি প্রভাবিত করতেই এই হামলা।

অন্যদিকে, বিজেপি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। পালটা তাদের দাবি, তৃণমূল কর্মীরাই রাতের অন্ধকারে তাদের দলের পতাকা ও ব্যানারই ছিঁড়ে দিয়েছে। ফলে অভিযোগ ও পালটা অভিযোগে এলাকায় উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, প্রচারের শেষ পর্ব থেকেই নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছিল। পবিত্র করের সমর্থনে প্রচারের সময় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই আবহেই ভোটের একেবারে প্রাক্কালে ফের অশান্তির ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল নন্দীগ্রামের বাসিন্দাদের মধ্যে।


Share