Supreme Court

ভোটের আগে আইনি জট! ‘বিচারাধীন’ লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্ধারণে ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি

তবে ট্রাইব্যুনালে ‘বিচারাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী হবে? ট্রাইবুনাল থেকে ছাড়পত্র পেলেও কি তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন? এই জটিল আইনি প্রশ্নের ফয়সালা হবে আগামী সোমবার, ১৩ এপ্রিল।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৪:০১

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার মধ্যেও এসআইআর-এ যাদের নাম বাদ পড়েছে তাঁরা চিন্তায় রয়েছে। এখনও কাটেনি আইনি জট। নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা ইতিমধ্যে ‘ফ্রিজ’ বা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। তবে ট্রাইব্যুনালে ‘বিচারাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী হবে? ট্রাইবুনাল থেকে ছাড়পত্র পেলেও কি তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন? এই জটিল আইনি প্রশ্নের ফয়সালা হবে আগামী সোমবার, ১৩ এপ্রিল।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে যে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি দুটি আবেদন মঞ্জুর করেছে। ট্রাইব্যুনালের মতে, দুই ভোটারের নথি যথাযথভাবে যাচাই না করেই তাঁদের আবেদন খারিজ করা হয়েছিল। ফলে আশঙ্কা করা হচ্ছে, এই ধরনের ‘বিচারাধীন’ অবস্থায় থাকা আরও বহু ব্যক্তি ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাংলায় এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আগামী ১৩ এপ্রিল নির্ধারিত রয়েছে, সেদিনই এই বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি, যাঁদের পাসপোর্ট রয়েছে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনও ওই দিনই খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, রাজ্যে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যথাক্রমে ৬ এপ্রিল ও ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এর আগে প্রায় ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটারের মধ্যে ৩৩ লক্ষের নাম তালিকাভুক্ত করা হয়েছে, আর এখনও প্রায় ২৭ লক্ষ ভোটার ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছেন।


Share