Assembly Election

বিজেপি প্রার্থীর প্রচারে লাঠি-বাঁশ নিয়ে হামলার অভিযোগ, অস্বীকার তৃণমূলের, জখম অন্তত চার জন

পশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের অভিযোগ, এটা তৃণমূলের একটা নোংরামি, আমরা অনুমতি নিয়ে প্রচার করছিলাম। কেলেপাড়া দিয়ে যখন প্রচার যাচ্ছিল সেই সময় উপ-প্রধানের নেতৃত্বে জয় বাংলা শ্লোগান দেয়।

তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পুড়শুড়া।
নিজস্ব সংবাদদাতা, পুড়শুড়া
  • শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১২:২৪

'জয় বাংলা' স্লোগান পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান। একে অপরের বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুড়শুড়ায় উত্তেজনা ছড়ালো। ভোট প্রচারের সময় বিজেপির মিছিলে হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আবার বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।

জানা গিয়েছে, এ দিন পুরশুড়া বিধানসভার কেলেপাড়া পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে  বিজেপির মিছিল এগোতে থাকে। স্থানীয় পঞ্চায়েতের তৃনমূল উপপ্রধান শ্রীকান্ত মালিকের বাড়ির সামনে দিয়ে মিছিল যাবার সময় গন্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ নিয়েই দুপক্ষের মধ্যে বচসা ধীরে ধীরে তা হাতাহাতিতে রূপান্তরিত হয়।

বিজেপির আরও অভিযোগ, তাদের মিছিলে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন। পাল্টা বিজেপির বিরুদ্ধেও হামলা চালানোর অভিযোগ তৃণমূলের। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তৃণমূলের উপপ্রধানের বৌদি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনা সামাল দিতে পুরশুড়া থানার পুলিশ ও র‍্যাফ নামানো হয়।

পশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের অভিযোগ, এটা তৃণমূলের একটা নোংরামি, আমরা অনুমতি নিয়ে প্রচার করছিলাম। কেলেপাড়া দিয়ে যখন প্রচার যাচ্ছিল সেই সময় উপ-প্রধানের নেতৃত্বে জয় বাংলা শ্লোগান দেয়। তখনই গন্ডগোল হয়। আমাদের দলের মহিলাদের মারধর করা হয়। লোহার রড, বাঁশ দিয়ে মারধোর করা হয়। বিজেপি তৃণমূলের উপর কোন হামলা করেনি।

পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে পরশুড়া তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। তিনি বলেন, বিজেপি কেলেপাড়া এলাকায় প্রচার করছিল। সেই সময় আমাদের দলের উপ-প্রধানের বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের কর্মীদের উপর মারধর করে। মহিলাদেরও মারধর করা হয়। বিমান ঘোষ ভয় পেয়ে গেছে। পাঁচ বছর মানুষের উপর অত্যাচার করেছে। এ বার মানুষ তার জবাব দেবে। বিজেপির মিছিল থেকে হামলা করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্রকরে দু'পক্ষইপুরশুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Share