RG Kar Case

আরজি কর মামলায় সিবিআইকে কড়া বার্তা হাই কোর্টের, সঞ্জয় রায়-সহ সন্দেহভাজনদের জেরার নির্দেশ

আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলে মনে হচ্ছে। তাই তদন্তকারী সংস্থাকে কোনও রকম দ্বিধা না রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৩৪

আরজি কর মামলার তদন্তে সিবিআই-কে আরও সক্রিয়ভাবে এগোনোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ে স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, এবং তদন্তে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলে মনে হচ্ছে। তাই তদন্তকারী সংস্থাকে কোনও রকম দ্বিধা না রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালত আরোও জানিয়েছে, যে কোনও ব্যক্তিকে জেরা করার ক্ষেত্রেও সিবিআই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।

শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে জমা দেওয়া ডিএনএ প্রোফাইল এবং অডিও রেকর্ডও আদালতের নজরে আসে। এই দুই তথ্যপ্রমাণ তদন্ত করে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দিতে সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১২ মে।

তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দ্রুত শুনানির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

উল্লেখ্য, গত মার্চে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে মামলাটি রিলিজ করা হয়। তখন আদালতের বক্তব্য ছিল, দীর্ঘ শুনানির এই মামলাকে দ্রুত নিষ্পত্তি করা সেই বেঞ্চের পক্ষে সম্ভব নয়। বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি চলছে।


Share