Assembly Election

সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, কৃষ্ণনগর উত্তরের প্রার্থীপদ বাতিল করে দিল নির্বাচন কমিশন, নতুন প্রার্থী ঘোষণা করলেন সাংসদ মহুয়া

তৃণমূল প্রার্থী সোমনাথ দত্ত জানিয়েছেন, “দল সিদ্ধান্ত নিয়েছে। দলই আমার প্রার্থীপদ ঘোষণা হয়েছে। দলের নির্দেশ মেনেই প্রচার করব। ২৯৪টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই কে প্রার্থী হয়েছেন তা না দেখে ভোট দিন। বিপুল ভোটে আমরাই জয়লাভ করব।”

(বাঁ দিক থেকে) তৃণমূল প্রার্থী সোমনাথ দত্ত এবং অভিনব ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৭:৫৪

আইনি জটিলতার জন্য তৃণমূল মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন। স্ক্রটিনির পরে কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের প্রার্থীপদ বাতিল হয়ে গিয়েছে। কমিশন সূত্রের খবর, তিনি সরকারের সঙ্গে ব‍্যবসায়ীক সম্পর্ক রয়েছে। তাই জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রার্থীপদ বাতিল করা হয়েছে।

গত ১৮ই মার্চ তৃণমূলে যোগদান করে অভিনব ভট্টাচার্য। তার পরে তিনি তৃণমূলে যোগ দেন। কালীঘাটে সাংবাদিক বৈঠক করে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য আনুষ্ঠানিক ভাবে অভিনবের নাম ঘোষণা করে দলের শীর্ষ নেতৃত্ব। তিনি পেশায় ঠিকাদার। সরকারের সঙ্গে ব‍্যবসায়িক সম্পর্ক রয়েছে। সরকারের বরাত বা সরবরাহ সঙ্গে যুক্ত রয়েছেন। সূত্রের খবর, ক‍্যামাক স্ট্রিটের সুপারিশে অভিনব ভট্টাচার্যকে প্রার্থী করা করেছিল তৃণমূল।

কমিশন সূত্রের খবর, সরকারের সঙ্গে ব‍্যবসায়িক সম্পর্ক থাকলে বা সরকারের সঙ্গে বরাত বা সরবরাহ সংক্রান্ত কাজে যুক্ত থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। উল্লেখ্য, ক্ষমতাসীন দলের কোনও প্রার্থী যদি সরকারের সঙ্গে কোনও রকম ব্যবসায়িক লেনদেনে যুক্ত থাকেন, বা সরকারি বরাত নিয়ে কাজ করেন, সে ক্ষেত্রে ৯-এ অনুযায়ী তাঁর প্রার্থিপদ বাতিল হতে পারে। তার পরেই অভিনবের প্রার্থীপদ বাতিল করা হয়েছে।

স্ক্রটিনিতে মনোনয়নপত্রের অসঙ্গতি থাকার কারণে তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের নাম বাতিল হয়ে যাওয়ার পরে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোমনাথ দত্তের নাম ঘোষণা করেছেন। সাংবাদিক বৈঠক করে সোমনাথের নাম ঘোষণা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

সোমনাথ দত্ত জানিয়েছেন, “দল সিদ্ধান্ত নিয়েছে। দলই আমার প্রার্থীপদ ঘোষণা হয়েছে। দলের নির্দেশ মেনেই প্রচার করব। ২৯৪টি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই কে প্রার্থী হয়েছেন তা না দেখে ভোট দিন। বিপুল ভোটে আমরাই জয়লাভ করব।”

মনোনয়ন বাতিলের পর অভিনবের প্রতিক্রিয়া, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যিনি মনোনয়নপত্র তৈরি করেছেন, তিনি এমন আইনের কথা বলেছিলেন। কিন্তু ব‍্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। আমি রাজনীতিতে নতুন। আমার রাজনৈতিক জীবন পড়ে রয়েছে।” তবে তিনি দলের পাশে রয়েছেন। দল যা বলবে, সেই অনুযায়ী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন অভিনব।


Share