Election Commission

নন্দীগ্রামের বিতর্কের মাঝেই ফের জেলা সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বীরভূম-মুর্শিদাবাদে নজর মনোজের

মনোজকুমার আগরওয়াল বীরভূম ও মুর্শিদাবাদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৩:৫৪

নন্দীগ্রামের পর ফের জেলা সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল। শুক্রবার বীরভূম এবং শনিবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুরের মতোই আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোটগ্রহণ হবে বীরভূম এবং মুর্শিদাবাদে। বোলপুরে তারাপীঠের মন্দিরে মায়ের পুজো দিতে পারেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মনোজকুমার আগরওয়াল বীরভূম ও মুর্শিদাবাদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে জেলা সফরের সূচনা করতে গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সফর চলাকালীন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তবে এই সফরের পর একটি ছবি প্রকাশ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে, তিনি নাকি স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে একটি ছবি তুলে ধরে দাবি করেন, মনোজের পাশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম তপনকুমার মহাপাত্র। তাঁদের বক্তব্য অনুযায়ী, তপন নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার বিজেপির আহ্বায়ক এবং বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।

এই ঘটনাকে কেন্দ্র করে মনোজের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে তৃণমূল। বিষয়টি নিয়ে তারা সরাসরি ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছেন, যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। তৃণমূলের দাবি, মনোজের এই আচরণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী এটি ‘দুর্নীতিমূলক আচরণ’-এর মধ্যে পড়তে পারে।


Share